ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

থানায় অভিযোগ দিয়ে উল্টো মামলার শিকার, হয়রানি বন্ধের দাবি প্রবাসীর

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৩, ১৭ অক্টোবর ২০২৬
থানায় অভিযোগ দিয়ে উল্টো মামলার শিকার, হয়রানি বন্ধের দাবি প্রবাসীর
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীতে থানায় অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে প্রবাসী শিবলু ও তার পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার, লুট হওয়া টাকা ও মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে পরিবারটি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নোয়াখালী জেলা শহর মাইজদীতে স্থানীয় একটি দৈনিক পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন প্রবাসী শিবলুর পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে শিবলুর স্ত্রী মারিয়া সুলতানা মিশু অভিযোগ করেন, হয়রানির বিষয়ে থানায় অভিযোগ দেওয়ার পর উল্টো তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে তিনি বলেন, এর মাধ্যমে তাদের নানাভাবে চাপের মুখে রাখা হচ্ছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে সাজানো মানববন্ধন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, মামলা ও হয়রানির কারণে তারা ভোগান্তিতে রয়েছেন। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে তারা হয়রানি বন্ধ, অভিযোগের পরিপ্রেক্ষিতে দায়ের করা মামলা প্রত্যাহার এবং লুট হওয়া টাকা ও মোটরসাইকেল উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষ বা সংশ্লিষ্ট পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!