ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে বসতঘরে আগুন, ১০ লাখ টাকার ক্ষতি

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩১, ২৪ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালীতে বসতঘরে আগুন, ১০ লাখ টাকার ক্ষতি
নোয়াখালীর অশ্বদিয়ায় আব্দুল আউয়াল রায়হানের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালী সদর উপজেলায় আব্দুল আউয়াল রায়হান নামে এক ব্যক্তির বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে অশ্বদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিল্লারহাট বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুল আউয়াল রায়হান স্থানীয় কবির মিয়ার ছেলে। তিনি নোয়াখালী পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক। পরিবারের দাবি, আগুনে ঘরের আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জামসহ প্রয়োজনীয় বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর রায়হানের ওপর একাধিকবার হামলার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। একই সময়ে তার বাড়ির একটি জায়গা দখলের অভিযোগও ওঠে। পরে নিরাপত্তার কারণে তিনি এলাকা ছেড়ে সৌদি আরবে চলে যান।

Advertisement

পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা রায়হানের বসতঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘরের আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জামসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের সদস্যদের ধারণা, রাজনৈতিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়ে থাকতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আগুনের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

নোয়াখালী পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি বিশাল বলেন, ‘রায়হান আমার কমিটিতে ছিল। সে অত্যন্ত ভালো, ভদ্র ও নম্র ছেলে। রাতের আঁধারে তার বাড়িতে এভাবে আগুন দেওয়ার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই।’

স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে আগুন দেওয়ার ঘটনা, তদন্তের মাধ্যমে তা দ্রুত নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!