ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]
শীতের দাপট বাড়ছে হাওরে

৩০ টাকার কাপড় বিক্রিতে ব্যবসায়ীর হাঁক ‘আপা, আপা করিস না’

আল হাবিব, সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৯, ২২ নভেম্বর ২০২৬
৩০ টাকার কাপড় বিক্রিতে ব্যবসায়ীর হাঁক ‘আপা, আপা করিস না’
ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জে গত দুই দিন ধরে সূর্যের দেখা নেই। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর ঠান্ডা বাতাসে হাওরাঞ্চলে বাড়ছে শীতের অনুভূতি। বৃষ্টির কারণে শহরের স্বাভাবিক জীবনযাত্রায়ও কিছুটা ছন্দপতন ঘটেছে। এরই মধ্যে শীতের পোশাক নিয়ে ফুটপাতের দোকানগুলোতে শুরু হয়েছে বেচাকেনা। ক্রেতা টানতে ব্যবসায়ীরাও নিচ্ছেন নানা কৌশল। কেউ কেউ দিচ্ছেন মজার মজার স্লোগান।

সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে শীতের কাপড় নিয়ে বসেছেন ব্যবসায়ী জুনেদ মিয়া। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে সঙ্গীকে নিয়ে হাঁক দিচ্ছেন, ‘আপা, আপা করিস না, ৩০ টাকা পাইবা না। এক দাম, এক রেট, ৩০ টাকা পাইবা না।’ তাঁর এমন ব্যতিক্রমী স্লোগান শুনে কেউ ভিডিও করছেন, আবার কেউ ভিড় করছেন দোকানে। ৩০ টাকায় কিনছেন ছোট-বড় বিভিন্ন ধরনের শীতের পোশাক।

ব্যবসায়ী জুনেদ মিয়া বলেন, ‘দুই দিন ধরে সূর্যের দেখা নেই। শীতও পড়েছে। কিন্তু দোকানে ক্রেতা কম। তাই ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে ভিন্ন এই পদ্ধতি নিয়েছি।’

রোববার (২২ নভেম্বর) সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টি ও ঠান্ডা বাতাসে গত দুই দিন ধরে হাটবাজার ও সড়কে মানুষের চলাচল তুলনামূলক কম। প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। এতে যাত্রী কমে যাওয়ায় রিকশাচালক ও পরিবহন শ্রমিকদের আয়েও প্রভাব পড়েছে।

শহরের কাজীর পয়েন্টে রিকশা নিয়ে বসে থাকা চালক ইমন মিয়া বলেন, ‘দুই দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বাতাসের কারণে রাস্তায় মানুষ কম। আগে সারাদিনে হাজার টাকা আয় হতো। এখন কোনো রকমে ৫০০ থেকে ৬০০ টাকা আয় হচ্ছে।’

এদিকে শীতের আগমনী বার্তায় গরম কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের আগ্রহ বাড়ছে। বিশেষ করে শিশুদের পোশাক কিনতে বাজারে আসছেন অনেকে। আলফাত স্কয়ারের কাছের পুরোনো শীতের কাপড়ের দোকানি সুয়েব মিয়া বলেন, ‘এই বৃষ্টির পরই মূলত শীত শুরু হবে। মানুষ শীতের কাপড় দেখছেন, পছন্দ হলে কিনেও নিয়ে যাচ্ছেন। তবে শিশু, বৃদ্ধ ও নারীদের পোশাক বেশি বিক্রি হচ্ছে।’

আরেক দোকানি তানভীর মিয়া বলেন, গত দুই দিন ধরে শীতের প্রকোপ বাড়ায় পোশাকের বেচাকেনা শুরু হয়েছে। ক্রেতারা দোকানে এসে কাপড় দেখছেন, দরদাম মিললে কিনে নিচ্ছেন।

তবে শীতের পোশাক কেনা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে। ক্রেতা হারুন মিয়া বলেন, ‘শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শিশুদের জন্য কাপড় কেনা বেশ কষ্টের। তারপরও কিনতে হচ্ছে। আমার পুরোনো শীতের কাপড় দিয়েই কোনোভাবে এ বছরের শীত পার করব।’

অন্যদিকে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে হাওরাঞ্চলের কৃষকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। চলতি মৌসুমে দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়ায় মাটি শুকিয়ে যাওয়ায় বোরো বীজতলা তৈরিতে সমস্যা দেখা দিয়েছিল। কোথাও কোথাও জমিতে ফাটলও ধরেছিল। সাম্প্রতিক বৃষ্টিতে মাটিতে কিছুটা আর্দ্রতা ফিরলেও বীজতলা তৈরির জন্য আরও বৃষ্টির প্রয়োজন বলে মনে করছেন কৃষকরা।

দেখার হাওরের কৃষক নিশান মিয়া বলেন, ‘এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মনে কিছুটা শান্তি ফিরেছে। তবে এই বৃষ্টি পর্যাপ্ত নয়। আরও বৃষ্টি হলে জেলার কৃষকদের জন্য ভালো হবে।’

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক বলেন, বৃষ্টিতে হাওরের মাটিতে কিছুটা আর্দ্রতা ফিরেছে। এতে কৃষকরা জমি চাষ ও বীজতলা তৈরির সুযোগ পাবেন। পাশাপাশি পানির অভাবে যারা শাকসবজি আবাদ করতে পারছিলেন না, তাঁরাও নতুন করে চাষাবাদ শুরু করতে পারবেন।

তিনি আরও বলেন, বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়লে কৃষির জন্য ভালো হতো। তবে অতিরিক্ত বৃষ্টি হলে যেসব কৃষকের পাকা ধান রয়েছে, তাঁদের ধান কাটা ও শুকানোর কাজে সমস্যা হতে পারে। তাই পরিমিত বৃষ্টি কৃষির জন্য উপকারী।

আবহাওয়ার পরিবর্তনে শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়েও সতর্ক করেছেন চিকিৎসকরা। নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আশুতোষ সিংহ বলেন, হঠাৎ শীতের প্রকোপ বাড়ায় শিশুদের রোটাভাইরাসজনিত ডায়রিয়া, নিউমোনিয়া ও ব্রঙ্কিওলাইটিসের মতো শ্বাসতন্ত্রের সংক্রমণ দেখা দিতে পারে। আগে থেকে হাঁপানিতে আক্রান্ত শিশুদের শারীরিক জটিলতাও বাড়তে পারে।

তিনি বলেন, শিশুদের সর্দি-কাশি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। পাশাপাশি নিউমোনিয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে কি না, সেদিকে বিশেষ নজর রাখতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!