ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিলেট-সুনামগঞ্জে আওয়ামী লীগসহ চার সংগঠনের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪৫, ১৪ নভেম্বর ২০২৬
সিলেট-সুনামগঞ্জে আওয়ামী লীগসহ চার সংগঠনের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেট ও সুনামগঞ্জের চার উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত থেকে শনিবার (১৪ নভেম্বর) পর্যন্ত সিলেটের বিয়ানীবাজার, জৈন্তাপুর ও গোয়াইনঘাট এবং সুনামগঞ্জের ছাতক উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, নাশকতা ও দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাদের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।

বিয়ানীবাজারে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

শনিবার বিকেলে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের গয়লাপুর এলাকায় অভিযান চালিয়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সুলতান মাহমুদ সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের জড়ো হওয়ার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সুমনকে গ্রেপ্তার করা হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবীর জানান, নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুমনকে আদালতে পাঠানো হয়েছে।

জৈন্তাপুরে আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

শনিবার জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারা মিয়া গ্রেপ্তার হন। তিনি উপজেলার আলুবাগান (মোকামবাড়ী) গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

গোয়াইনঘাটে গ্রেপ্তার চারজন

শনিবার রাতে গোয়াইনঘাট থানার পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মদরিছ আলী সিকদার (৫৫), রুস্তমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মকলিছুর রহমান (৪৫), পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন মাহমুদ (৪১) এবং পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ইয়াছিন মুন্সি (৩২)।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ নভেম্বর রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার তদন্তে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ছাতকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

এদিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার কল্যাণপুর গ্রামে নিজ বাড়ি থেকে সিলেট মহানগর ছাত্রলীগের সহসভাপতি মিফতা উদ্দিন ওয়াহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে দোলারবাজার ইউনিয়নের ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গ্রামের মৃত রুপ মিয়ার ছেলে।

ছাতক থানার ওসি কামাল হোসেন জানান, মিফতা উদ্দিনের বিরুদ্ধে দণ্ডবিধি ও দ্রুত বিচার আইনে দুটি মামলা রয়েছে। ২০২৪ সালের ১৪ নভেম্বর এবং ২০২৬ সালের ৯ আগস্ট মামলা দুটি করা হয়। শনিবার সকালে তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/সিলেট/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!