ব্রহ্মপুত্রের চরবাসীর জরুরি চিকিৎসায় চালু হচ্ছে বোট অ্যাম্বুলেন্স
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের দুর্গম চরাঞ্চলের মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে চালু হচ্ছে বোট অ্যাম্বুলেন্স প্রকল্প। আগামী ২০ নভেম্বর শুক্রবার সকালে রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের চর ভেলামারিতে এ প্রকল্পের উদ্বোধন করা হবে। এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এ কার্যক্রম শুরু হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে চরাঞ্চলের উপকারভোগী, ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
প্রকল্পের আওতায় চরাঞ্চলের মানুষ স্বল্পমূল্যে বোট অ্যাম্বুলেন্সের মাধ্যমে জরুরি রোগী পরিবহনের সুবিধা পাবেন। পাশাপাশি নৌযানটি থেকে প্রয়োজনীয় কিছু ওষুধও সংগ্রহ করতে পারবেন তারা। পর্যায়ক্রমে স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম, হেলথ ক্যাম্প, ওষুধ ও চিকিৎসা উপকরণ বিতরণের উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া চরাঞ্চলের এসএসসি পাস তরুণ-তরুণীদের প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। জরুরি স্বাস্থ্য সমস্যায় প্রশিক্ষণপ্রাপ্ত এসব তরুণ-তরুণী স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক সহায়তা দিতে পারবেন।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, কুড়িগ্রামের রাজীবপুর ও চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের বিভিন্ন চরে লক্ষাধিক মানুষের বসবাস। নদীভাঙন, ঝড়-ঝঞ্ঝা, বৈরী আবহাওয়া ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হয় তাদের। অধিকাংশ মানুষ কৃষিকাজ ও মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানসহ মৌলিক সুযোগ-সুবিধার ক্ষেত্রেও পিছিয়ে রয়েছেন তারা।
চরাঞ্চলে পর্যাপ্ত ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্র না থাকায় অসুস্থ হলে ভোগান্তিতে পড়তে হয় বাসিন্দাদের। রাজীবপুর ও চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে রোগীদের সেখানে নেওয়া কঠিন। খরস্রোতা ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছাতে কয়েক ঘণ্টা লেগে যায়। এতে গর্ভবতী নারী, শিশু, হৃদ্রোগ ও স্ট্রোকে আক্রান্ত রোগীদের জীবন ঝুঁকিতে পড়ে। অনেক সময় সময়মতো নৌযান না পাওয়ায় চিকিৎসা নিতে দেরি হয় এবং রোগীর মৃত্যু ঘটে।
উদ্যোক্তাদের আশা, বোট অ্যাম্বুলেন্স চালুর মাধ্যমে চরাঞ্চলের মানুষের যাতায়াতের ভোগান্তি কমবে। জরুরি মুহূর্তে দ্রুত রোগীদের হাসপাতালে পৌঁছে দিয়ে অনেকের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ উদ্যোগ।