ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে লোহাগড়ায় বিএনপির বিক্ষোভ
নড়াইলের লোহাগড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২২ নভেম্বর) সকালে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে সিএন্ডবি চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালনাঘাট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. মনিরুল ইসলাম, নড়াইল নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মিলু শরীফ, সাবেক সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান সান্টু, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট নেওয়াজ আহম্মেদ ঠাকুর নজরুল, পৌর বিএনপি নেতা শাহিন বিপ্লব, সাইফুল্লাহ মামুন, মো. খিজির আহমেদ, মো. মিজানুর রহমান ও উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলমসহ অন্যরা।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম বলেন, দেশকে অস্থিতিশীল করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে চলেছে। এসব কর্মকাণ্ডের সমুচিত জবাব দেবে বিএনপি ও এর অঙ্গসংগঠন। তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টদের মোকাবিলা করার আহ্বান জানান।