[ দেশজুড়ে ]
নামাজ পড়ে বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণে বৃদ্ধ আহত
ছবি: সংগৃহীত
কক্সবাজারের চকরিয়ায় দলছুট বন্য হাতির আক্রমণে ছৈয়দ ফকির (৫৬) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নবগঠিত উত্তর হারবাং ইউনিয়নের গয়ালমারা স্টেশনের পশ্চিম পাশে চিতারবিল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মাগরিবের নামাজ পড়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ছৈয়দ ফকির। পথে চিতারবিল এলাকার একটি পাহাড়ি ঢালা অতিক্রম করার সময় সামনে পড়ে যান একটি বন্য হাতির। কিছু বুঝে ওঠার আগেই হাতিটি তার ওপর আক্রমণ করে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হাতিটি সেখান থেকে চলে যায়।
আহত ছৈয়দ ফকিরের পৈতৃক বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। এক যুগের বেশি সময় ধরে তিনি চকরিয়ার উত্তর হারবাং ইউনিয়নের ভান্ডারীরডেবা এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, খবর পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!