একই ট্রেনে কক্সবাজারে যেতে পারবে ৫ জেলার মানুষ
অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আজ সোমবার থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের উদ্দেশে চলাচল করবে ৭২১/৭২২ মহানগর এক্সপ্রেস ট্রেন। এতে নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াসহ পাঁচটি জেলার মানুষ প্রথমবারের মতো ট্রেনে করে সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
এদিকে, মহানগর এক্সপ্রেসের নতন রুটে যাত্রা শুরু হচ্ছে এমন খবরে পাঁচ জেলার মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আনন্দ ও উচ্ছ্বাস। নতুন এই রুটকে ঘিরে কক্সবাজার যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হওয়ার প্রত্যাশা করছেন যাত্রীরা।
সোমবার সন্ধ্যায় রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস ট্রেনের সম্প্রসারিত সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সেই লক্ষ্যে সব প্রস্ততি নেওয়া হয়েছে।
মহানগর এক্সপ্রেস ট্রেনের সরাসরি যাত্রা শুরু হলে ব্রাহ্মণবাড়িয়াসহ পাঁচ জেলার মানুষ প্রথমবারের মতো ট্রেনে করে কক্সবাজার যাওয়ার সুযোগ পাচ্ছে।
দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য কক্সবাজারে প্রতিদিনই ভ্রমণ করেন হাজারো মানুষ। নতুন রুটের মাধ্যমে যাতায়াতের সুযোগ বাড়লে পর্যটক, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের জন্য যোগাযোগব্যবস্থা আরও সহজ হতে পারে। পাশাপাশি পর্যটনকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়ার আশা করা হচ্ছে।
এদিকে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৭২১ নম্বর মহানগর এক্সপ্রেস কক্সবাজার থেকে সকাল ৯টায় ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। চট্টগ্রাম থেকে দুপুর ১২টা ৩০ মিনিটে ছেড়ে ট্রেনটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। চট্টগ্রাম থেকে রাত ৩টায় ছেড়ে ট্রেনটি সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে।
এদিকে, ট্রেনটি কক্সবাজার পর্যন্ত যাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যাত্রীরা। এরই মধ্যে ট্রেনটির বর্ধিত চলাচলের টিকিট বিক্রিও শুরু হয়েছে। মুহূর্তেই প্রথম দিনের টিকিট শেষ হয়ে যায়। পরবর্তী দিনগুলোর বেলায়ও একই অবস্থা হয়। ট্রেনটির সাপ্তাহিক ছুটি রোববার। ট্রেনটির আসনসংখ্যা ৭০০ এর বেশি। ট্রেনটি কক্সবাজার পর্যন্ত চালু হওয়ায় নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীর যাত্রীরা সহজে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র কক্সবাজারে যাতায়াতের সুযোগ পাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা দিয়েছে। নতুন এই রেল সংযোগ পর্যটন এবং সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াতব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট সবাই।
আখাউড়ার ব্যবসায়ী ইয়াছিন চৌধুরী বলেন, ‘নভেম্বরের প্রথম সপ্তাহে একটি কম্পানির একটি অনুষ্ঠানে কক্সবাজার যাব। আমি মহানগর এক্সপ্রেসে করেই যাব, এটা আমাদের জন্য দারুণ সুযোগ। আগে চট্টগ্রাম গিয়ে আবার আরেকটি ট্রেন বা বাসে করে কক্সবাজার যেতে হতো।
মো. ইকবাল হোসেন বলেন, আসলে আখাউড়া থেকে সরাসরি কক্সবাজার যাওয়ার মতো কোন ট্রেন ছিল না। এখন মহানগর এক্সপ্রেস কক্সবাজার গেলে আমাদের জন্য অনেক ভালো হবে। স্টেশন থেকে ট্রেনে ওঠার পর কক্সবাজারের আগে আর কোনো স্টেশনে নামতে হবে না। এই ট্রেনে ভ্রমণ অনেক সাশ্রয়ী ও নিরাপদ হবে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন আজ থেকে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে পরিচালনা করা হবে। ট্রেনটির বর্ধিত রুটে যাত্রা উদ্বোধনের প্রাক্কালে সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।