হাসপাতালে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পেটালেন ছাত্রদল নেতা
লক্ষ্মীপুরে সদর হাসপাতালের জরুরি বিভাগের মধ্যে স্থানীয় সেচ্ছাসেবক দল নেতা জুয়েল হোসেন নিরবকে পিটিয়ে রক্তা'ক্ত করলেন ছাত্রদল নেতা শাহেদ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ২৫ অক্টোবর( রবিবার) রাতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মধ্যে জুয়েলকে চেয়ার এবং কিল ঘুষি লাথি দিয়ে রক্তাক্ত করে শাহেদ ও তার অনুসারীরা।জুয়েল হোসেন নিরব লক্ষ্মীপুর পৌর ১ নং ওয়ার্ড সেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি এবং শাহেদ দালাল বাজার ডিগ্রি কলেজ ২য় বর্ষ ছাত্রদলের সভাপতি এবং পৌর ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী।
দলীয় গোপন সূত্রে জানা যায়, এর আগে শাহেদ ও জুয়েলদের দুই গ্রুপের মধ্যে মোবাইল কেনবেচা নিয়ে মারামারি হয়। সেই ঘটনার রেশ ধরে সদর হাসপাতাল প্রাঙ্গণে জুয়েলকে শাহেদ মারধর শুরু করে। পরে জুয়েল বাঁচতে সদর হাসপাতালের ভিতরে গেলে, সেখানে গিয়ে তাকে রক্তাক্ত করে শাহেদ।.
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরূপচন্দ্র পাল বলেন, “হাসপাতালে হামলার বিষয়টি দুঃখজনক। এ ঘটনায় হামলার চিত্র সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধারণ হয়েছে। বিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অবহিত করা হয়েছে।
তবে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগও দেননি। হাসপাতালের ভেতরে কোনো ধরনের সংঘর্ষ বা মারামারির ঘটনা ঘটলে কিংবা এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।