ভোলায় ৭০-এর ভয়াল ১২ নভেম্বর উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল
১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নিহত প্রায় পাঁচ লাখ মানুষের স্মরণে ভোলায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঘটনার ৫৬ বছর পর এই প্রথম সরকারি উদ্যোগে এমন আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভোলা জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ হলরুমে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার ও জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম।
এ সময় বক্তব্য রাখেন দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, বন্ধুজনের আহ্বায়ক মিয়া মোহাম্মদ ইউনুস,মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আমিনুল ইসলাম, ভোলা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এনামুল হক, সুজন-এর সভাপতি মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী, সিপিপির টিম লিডার মো. তসলিম , আমারা ভোলাবাসী সংগঠনের আহ্বায়ক মীর মোশারেফ অমিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী হুমায়ুন কবীর সোপান।
অনুষ্ঠানে ১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের স্মৃতিচারণ করেন বক্তারা। তারা সেই প্রলয়ংকরী দুর্যোগে প্রাণ হারানো মানুষের আত্মত্যাগ ও উপকূলীয় জনপদের ভয়াবহ ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন। একই সঙ্গে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণা করার দাবি জানান বক্তারা। তাদের মতে, এই দিনটি রাষ্ট্রীয়ভাবে পালনের মধ্য দিয়ে উপকূলের মানুষের আত্মত্যাগ, দুর্যোগের ইতিহাস এবং উপকূলীয় অঞ্চলের সংকট ও সম্ভাবনা জাতীয় পর্যায়ে আরও গুরুত্ব পাবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভয়াল সেই দিনের ইতিহাস তুলে ধরার সুযোগ তৈরি হবে।
পরে ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ বনি আমীন।
উল্লেখ্য, ১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আঘাত হানে তৎকালীন পূর্ব পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে। ঘণ্টায় প্রায় ২২৪ কিলোমিটার বেগের বাতাসের সঙ্গে ৬ থেকে ১০ মিটার উচ্চতার জলোচ্ছ্বাসে মুহূর্তেই তলিয়ে যায় ভোলাসহ উপকূলের বিস্তীর্ণ জনপদ। ঘুমন্ত মানুষের ওপর দিয়ে বয়ে যায় মৃত্যুর ঢেউ। ভেসে যায় হাজার হাজার ঘরবাড়ি, গবাদিপশু, ফসলি জমি ও মাছ ধরার নৌকা। স্বজন হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন অসংখ্য মানুষ।
বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ইতিহাসের ভয়াবহতম এই ঘূর্ণিঝড়ে বাংলাদেশে আনুমানিক ৭ লাখ থেকে ১০ লাখ মানুষের প্রাণহানি ঘটে। সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতির শিকার হয় দ্বীপ জেলা ভোলার জনপদ। শুধু ভোলাতেই প্রাণ হারান পাঁচ লাখের বেশি মানুষ বলে বিভিন্ন ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে।