ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৩, ৯ নভেম্বর ২০২৬
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
ভোলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে নেতাকর্মীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলায় বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবিএম রাশেদুজ্জামান হ্যাভেনের নেতৃত্বে এ মিছিল বের করা হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সোমবার সকালে ভোলা সদর বাসস্ট্যান্ড সংলগ্ন বেপারী বাজার এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রায় ৪২ সেকেন্ডের ভিডিওতে ২০ থেকে ৩০ জন নেতাকর্মীকে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়।

মিছিল থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও কথিত ফরমায়েশি রায় প্রত্যাখ্যানের দাবি জানানো হয়। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং পোশাকশ্রমিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

এদিকে, মিছিলের নেতৃত্বে থাকা এবিএম রাশেদুজ্জামান হ্যাভেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কর্মসূচি আয়োজনের বিভিন্ন প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেন। তিনি জানান, কর্মসূচির স্থান, সময়সহ বিভিন্ন তথ্য ফাঁস হয়ে যাওয়ায় নিরাপত্তাহীনতা তৈরি হয়। এ কারণে চারবার স্থান পরিবর্তন করতে হয়। এমন পরিস্থিতিতে পূর্বনির্ধারিত কর্মীদের বাদ দিয়ে নতুন স্থান ও প্রস্তুতি নিয়ে কর্মসূচি সম্পন্ন করেন তারা। তবে নানা প্রতিবন্ধকতার কারণে পরিকল্পনার মাত্র ১০ শতাংশ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির ভিডিও দেখার পর এতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!