ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলায় মহিষ চুরি বন্ধের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় মহিষ চুরি বন্ধের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান
ভোলায় অনুষ্ঠিত মানববন্ধনে মহিষ মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন চরাঞ্চলের পশুপালকরা অংশগ্রহণ করেন। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার চরাঞ্চলে গরু-মহিষ চুরি বন্ধ, পশুপালকদের নিরাপত্তা জোরদার, নিয়মিত চিকিৎসাসেবা ও সরকারি সহায়তার দাবিতে মানববন্ধন করেছেন খামারি ও মহিষ মালিকরা। পরে এসব দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

রোববার সকালে ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভোলা সদর উপজেলা মহিষ মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন চরাঞ্চলের পশুপালকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মেঘনা ও তেঁতুলিয়া নদীবেষ্টিত ভোলার বিভিন্ন চরাঞ্চলসহ সদর উপজেলার চর মদনপুর, চর গাজীপুর, চর বৈরাগী, চর কালী, চর কাঁকড়া, চর নেয়ামতপুর, মধুপুর ও চর কাচিয়াসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে গরু-মহিষ পালন করে আসছেন স্থানীয়রা। এসব গবাদিপশুই অনেক পরিবারের প্রধান সম্পদ ও জীবিকার উৎস। তবে সাম্প্রতিক সময়ে চরাঞ্চলে গরু-মহিষ চুরি বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন পশুপালকরা। নদীবেষ্টিত ও দুর্গম হওয়ায় চুরি প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল ও দ্রুত প্রশাসনিক ব্যবস্থা প্রয়োজন বলে দাবি করেন তারা।

Advertisement

মানববন্ধনে চর মদনপুরে স্থায়ী নিরাপত্তা ক্যাম্প স্থাপন, পুলিশ, নৌ-পুলিশ, কোস্ট গার্ড ও আনসারের সমন্বয়ে যৌথ টহল জোরদার, চুরি যাওয়া গবাদিপশু উদ্ধারে বিশেষ অভিযান এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

এ ছাড়া দুর্যোগ ও চুরি থেকে গবাদিপশু রক্ষায় চরাঞ্চলে কিল্লা নির্মাণ, নিয়মিত পশু চিকিৎসা ক্যাম্প চালু, টিকা ও কৃত্রিম প্রজননসেবা নিশ্চিত এবং পশুপালকদের সহজ শর্তে স্বল্প সুদে ঋণ দেওয়ারও দাবি জানান খামারিরা।

মানববন্ধন শেষে ভোলা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন ভোলা সদর উপজেলা মহিষ মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দ। স্মারকলিপিতে চরাঞ্চলের গবাদিপশু রক্ষায় প্রশাসনিক নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সমন্বিত কর্মসূচি গ্রহণের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে চুরি যাওয়া গরু-মহিষ উদ্ধার করা সম্ভব না হলে তদন্ত ও প্রমাণের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত প্রকৃত মালিকদের সরকারি সহায়তা বা ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয়। পাশাপাশি ভোলার মহিষের দধি জিআই পণ্য হওয়ায় এর ঐতিহ্য সংরক্ষণ, উৎপাদনকারী পশুপালকদের প্রশিক্ষণ, উন্নত জাতের মহিষ পালন, চিকিৎসাসেবা ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি জানানো হয়।

ভোলা সদর উপজেলা মহিষ মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন হাং এবং সভাপতি মো. আবুল কাসেম মাষ্টার স্বাক্ষরিত স্মারকলিপিতে এসব দাবি তুলে ধরা হয়।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
ট্যাগ: চুরি ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!