ঢাকা,  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঈশ্বরদীতে স্বামীকে নেশা করতে বাধা দেওয়ায় ৬ দিন ঘরবন্দি দুই স্ত্রী

ঈশ্বরদী( পাবনা )প্রতিনিধি
প্রকাশিত: ২০:১২, ২৭ নভেম্বর ২০২৬
ঈশ্বরদীতে স্বামীকে নেশা করতে বাধা দেওয়ায় ৬ দিন ঘরবন্দি দুই স্ত্রী
ছবি- ডেইলি বাংলাদেশ

 

পাবনার ঈশ্বরদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় দুই স্ত্রীকে প্রায় ছয় দিন ধরে ঘরে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে সুজন খাঁ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে তাঁদের উদ্ধার করেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

গত শুক্রবার (২০ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার ছয় দিন পর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাঁদের উদ্ধার করা হয়। অভিযুক্ত সুজন খাঁ ওই এলাকার জামাল খাঁর ছেলে। তিনি পেশায় ইটভাটার শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা যায়, সুজন খাঁর প্রথম স্ত্রী শাপলা খাতুন এবং দ্বিতীয় স্ত্রী পুষ্প খাতুন। প্রায় সাত-আট মাস আগে দ্বিতীয় স্ত্রী পুষ্প খাতুনকে বিয়ে করেন তিনি। প্রথম স্ত্রীর পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তানও রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, সুজন খাঁর আচরণ ভালো না হওয়ায় এলাকার মানুষজন তাঁর বাড়িতে তেমন যাতায়াত করতেন না। এ কারণে দীর্ঘ সময় ধরে দুই স্ত্রীকে ঘরে আটকে রাখার বিষয়টি কারও নজরে আসেনি। এদিকে প্রথম স্ত্রীর পাঁচ বছর বয়সী ছেলেকে তার বাবা সুজন খাঁ মায়ের কাছ থেকে নিয়ে নানাবাড়িতে রেখে আসেন। পরে স্থানীয় এক ব্যক্তি শিশুটির খোঁজখবর নিতে গেলে সে জানায়, তার বাবা তার মাকে ঘরে আটকে রেখেছেন। বিষয়টি জানার পর স্থানীয়রা ওই বাড়িতে গিয়ে দুই নারীকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘরের তালা ভেঙে দুই স্ত্রীকে উদ্ধার করা হয়।

ভুক্তভোগী দুই স্ত্রীর অভিযোগ, সুজন খাঁ নিয়মিত তাঁদের নির্যাতন করতেন, যৌতুকের টাকা দাবি করতেন এবং জোর করে মাদক সেবনে বাধ্য করতেন। তাঁর মাদক সেবনে বাধা দেওয়ার কারণেই তাঁদের ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ইয়াবা সেবন ও নির্যাতনের অভিযোগও করেছেন তাঁরা। স্থানীয়রাও তাঁর মাদক সেবন ও খারাপ আচরণের বিষয়টি জানিয়েছেন।

এ ঘটনায় অভিযুক্ত সুজন খাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘরের তালা ভেঙে দুই নারীকে উদ্ধার করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!