ঢাকা, শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
শীতের আমেজে খেজুরের রসের ঘ্রাণ, চরফ্যাশনে গাছিদের প্রস্তুতি
প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের হিমেল হাওয়া। ভোরের হালকা কুয়াশা আর শিশিরভেজা পরিবেশ জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীতের এই আগমনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড়ের মৌসুম ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি। খেজুর গাছ পরিষ্কার করে রস সংগ্রহের উপযোগী করতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা।
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোশারেফ হাওলাদার। দীর্ঘ ২০ বছর ধরে তিনি খেজুর গাছ কাটা, রস সংগ্রহ ও গুড় তৈরির পেশায় যুক্ত। পারিবারিক ও গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর শীত মৌসুমে এ কাজ করেন তিনি। এবারও মৌসুম শুরুর আগেই বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে খেজুর গাছ কাটার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন এই গাছি।
সরেজমিনে দেখা যায়, কোমরে দড়ি বেঁধে জীবনের ঝুঁকি নিয়ে খেজুর গাছে উঠছেন গাছিরা। ধারালো দা দিয়ে গাছের মাথার বাড়তি অংশ পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে কাট দিচ্ছেন। কয়েক দিন পর এসব গাছে বসানো হবে মাটির পাত্র বা ভাড়। এরপরই শুরু হবে রস সংগ্রহের পালা।
গাছি মোশারেফ হাওলাদার জানান, চলতি মৌসুমে প্রায় ৫০ থেকে ৮০টি খেজুর গাছ কাটার পরিকল্পনা রয়েছে তার। তবে আবহাওয়া, শীতের তীব্রতা ও গাছের অবস্থার ওপর রসের পরিমাণ নির্ভর করে। সব গাছ থেকে সমান পরিমাণ রস পাওয়া যায় না। রস সংগ্রহ থেকে গুড় তৈরি পর্যন্ত প্রতিটি ধাপেই যথেষ্ট পরিশ্রম করতে হয়। তারপরও মৌসুমজুড়ে রস ও গুড় বিক্রি করে বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়।
স্থানীয় গাছমালিক মো. রুবেল শিকদার বলেন, শীত এলেই খেজুরের রসের জন্য অপেক্ষায় থাকেন গ্রামের মানুষ। ছোটবেলা থেকেই খেজুরের রস ও গুড়ের সঙ্গে আবেগের সম্পর্ক। গাছিরা ইতোমধ্যে গাছ কাটতে শুরু করেছেন। আশা করছেন, কয়েক দিনের মধ্যেই পাওয়া যাবে টাটকা খেজুরের রস।
খেজুরের রসকে ঘিরে গ্রামবাংলায় রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য ও সংস্কৃতি। শীতের সকালে কাঁচা রস পান, খেজুরের গুড়, পাটালি আর পিঠাপুলির স্বাদ নিতে অপেক্ষায় থাকেন নানা বয়সী মানুষ। শুধু স্বাদ ও ঐতিহ্যই নয়, শীত মৌসুমে খেজুরের রস ও গুড় গ্রামীণ অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তবে সময়ের পরিবর্তনে চরফ্যাশনে আগের তুলনায় কমে গেছে খেজুর গাছের সংখ্যা। স্থানীয় বাসিন্দা নুরে আলম মাওলানা বলেন, আগের তুলনায় এলাকায় প্রায় ৪০ শতাংশ খেজুর গাছ কমে গেছে। বসতবাড়ি ও কৃষিজমিতে স্থাপনা নির্মাণ, গাছ কেটে ফেলা এবং নতুন করে খেজুর গাছ রোপণে অনীহার কারণে এ সংখ্যা দিন দিন কমছে। পাশাপাশি কমে আসছে দক্ষ গাছির সংখ্যাও। ফলে ঐতিহ্যবাহী এ পেশা ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে। খেজুর গাছ সংরক্ষণ ও নতুন গাছ রোপণে উদ্যোগ নেওয়া না হলে একসময় গ্রামবাংলার এ ঐতিহ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।