চরফ্যাশনের প্রবেশমুখের ময়লার ভাগাড়ের অবসান, ২০০ গাছ নিয়ে গড়া হলো গ্রিন জোন
দীর্ঘদিনের দুর্গন্ধ আর ময়লা-আবর্জনার স্তূপের পরিচিত চিত্র বদলে যাচ্ছে ভোলার চরফ্যাশন পৌরসভার প্রবেশমুখে। এক সময় যেখানে বর্জ্যের কারণে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের নাক চেপে চলাচল করতে হতো, সেখানে এখন তৈরি হয়েছে সবুজের নতুন আবাস। প্রায় ১৫ বছর ধরে ব্যবহৃত ময়লার ভাগাড়টি সরিয়ে গড়ে তোলা হয়েছে গ্রিন জোন।
শনিবার সকালে গাছের চারা রোপণের মধ্য দিয়ে গ্রিন জোনটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক রুমানা আফরোজ।
পৌরসভা সূত্রে জানা গেছে, ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশে পৌরসভার প্রবেশমুখের এই স্থানটিতে দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে ময়লা-আবর্জনা ফেলা হতো। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পাশাপাশি পরিবেশ দূষণের সৃষ্টি হতো। ভোগান্তিতে পড়তেন সড়কে চলাচলকারী মানুষ ও আশপাশের বাসিন্দারা।
পরিস্থিতি পরিবর্তনে সম্প্রতি ওই স্থানে বর্জ্য ফেলা বন্ধ করে জমে থাকা আবর্জনা অপসারণ করা হয়। পরে বালু দিয়ে জায়গাটি ভরাট করে বিভিন্ন প্রজাতির ২০০টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। নতুন করে জায়গাটিকে গ্রিন জোন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ।
উদ্যোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক রুমানা আফরোজ বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে পৌরসভার প্রবেশমুখে ময়লা-আবর্জনা ফেলার কারণে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সেখান থেকে ময়লা অপসারণ করে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। গ্রিন জোনটির সৌন্দর্য ও সবুজ পরিবেশ ধরে রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও করা হবে।