ঢাকা, শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
খুলনায় চয়নিকা ফার্মেসিতে গুলি, মালিকের ছেলে গুলিবিদ্ধ
খুলনায় চয়নিকা ফার্মেসিতে ঢুকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ফার্মেসির মালিক দৌলতুজ্জামানের ছেলে জারিফুজ্জামান (৩৩) গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসিতে এ ঘটনা ঘটে।
চাঁদাবাজদের হুমকিতে ১৯ দিন বন্ধ ছিল ওষুধের দোকান। পরে পুলিশের সহায়তায় আবার চালু করা হয় । কিন্তু তাতেও নিরাপত্তা নিশ্চিত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় তিনজন অস্ত্রধারী ফার্মেসিতে গিয়ে ক্রেতাদের সরিয়ে দেয়। এরপর দোকান মালিকের ছেলে জারিফকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পায়ে গুলি লাগে। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চয়নিকা ফার্মেসির মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল একটি সন্ত্রাসী গোষ্ঠী। চাঁদা না পেয়ে বিভিন্ন সময় হুমকি-ধমকি দেওয়া হয়। নিরাপত্তাহীনতার কারণে গত ২৬ অক্টোবর ফার্মেসিটি বন্ধ করে দিতে বাধ্য হন মালিক। এতে এলাকার ওষুধ ক্রেতারাও ভোগান্তিতে পড়েন। পরে পুলিশের সহায়তায় ১৯ দিন বন্ধ থাকার পর গত ১৪ নভেম্বর সন্ধ্যায় প্রতিষ্ঠানটি আবার চালু করা হয়। এসময় নিরাপত্তার জন্য সেখানে পুলিশ সদস্য মোতায়েন ছিলেন।
তবে পুলিশের সহায়তায় চালু হওয়ার পরও প্রতিষ্ঠানটির নিরাপত্তা নিশ্চিত হয়নি। শুক্রবার সন্ধ্যায় সেখানে গুলির ঘটনা ঘটে। ঘটনার পর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। গোয়েন্দা সংস্থার সদস্যরাও সেখানে উপস্থিত হন।
খুলনা সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, গুলিতে ফার্মেসির মালিকের ছেলে আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
কেএমপির সদর জোনের সহকারী পুলিশ কমিশনার শফিকুর রহমান জানান, তিনি খবর পেয়ে হাসপাতালে গিয়ে গুলিবিদ্ধ জারিফের সাথে কথা বলেছেন। হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে শুক্রবার ভোরে নগরীর লবণচরা থানার হঠাৎ বাজার এলাকায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। প্রতিষ্ঠান দুটি হলো একটি তুষকাঠের মিল ও শামসুর রহমানের মালিকানাধীন চানাচুর কারখানা। প্রতিটি প্রতিষ্ঠানে এক রাউন্ড করে গুলি ছোড়া হয়। তবে এতে কেউ হতাহত হননি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে হঠাৎ বাজার এলাকার একটি তুষকাঠের মিলের মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল স্থানীয় সন্ত্রাসী বাহিনীর প্রধান হিসেবে পরিচিত নুর আজিম। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মিলটি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। একই এলাকায় শামসুর রহমানের চানাচুর কারখানাতেও দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল ওই বাহিনী। দাবিকৃত টাকা না পেয়ে শুক্রবার ভোরে বাহিনীর দুই সদস্য কারখানাটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রের অভিযোগ।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে গুলির ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে। স্থানীয় লোকজন এ বিষয়ে মুখ খুলছেন না। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে গত মঙ্গলবার এক দিনেই নগরীর সাতটি স্থানে গুলির ঘটনা ঘটে। এর মধ্যে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় শেখ আব্দুল হালিম নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। একই দিন সোনালী জুট মিলসের সামনে, শলুয়া বাজারের একটি চায়ের দোকান, সোনাডাঙ্গার পালংকি রেস্টুরেন্ট, লবণচরার পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি বাড়ি, মোহাম্মাদীয়া পাড়ায় পরিবহন ব্যবসায়ী টুটুলের বাড়ি এবং সদর থানার বেলায়েত হোসেন সড়কের একটি বাড়িতে গুলি ছোড়ার ঘটনা ঘটে। এসব ঘটনার মধ্যে কয়েকটি ছিল চাঁদা না দেওয়ায় হামলা।
পরদিনও টুটপাড়া এলাকায় এক কর্মকর্তার বাড়ির গেট লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ ছাড়া রূপসা ট্রাফিক মোড়ের একাধিক ফার্মেসিতেও চাঁদার দাবিতে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। পরে পুলিশের সহায়তায় প্রতিষ্ঠানগুলো আবার চালু করা হয়। কিন্তু একের পর এক গুলির ঘটনায় নগরীর ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-আতঙ্ক বাড়ছে।