ঢাকা, শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে একজনকে লাখ টাকা জরিমানা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার সকালে নয়াবিল ইউনিয়নের ভোগাই নদীতে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে উত্তোলন করা বালু পরিবহনের সময় সাগর মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ভোগাই নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ কারণে তাঁদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
তবে নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু লরিতে করে পরিবহনের সময় সাগর মিয়াকে আটক করে প্রশাসন। তিনি বাঘবেড় ইউনিয়নের শিমুলতলা গ্রামের হাবিল উদ্দিনের ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাগর মিয়াকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘নদী ও পরিবেশ রক্ষা এবং সরকারি সম্পদ সুরক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’