ঢাকা,  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ট্রাম্প ও পুতিনের বন্ধুত্ব: হিটলারের সঙ্গে তুলনা জেলেনস্কির

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:৪৩, ২৮ নভেম্বর ২০২৬
ট্রাম্প ও পুতিনের বন্ধুত্ব: হিটলারের সঙ্গে তুলনা জেলেনস্কির
ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নেতা অ্যাডলফ হিটলারকে কেউ বন্ধু বললে যেমন শোনাত, পুতিনকে বন্ধু বলার বিষয়টিও তেমন বলে মন্তব্য করেছেন তিনি।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ট্রাম্প কী বলবেন বা সামাজিক যোগাযোগমাধ্যমে কী লিখবেন, সেটি তার নিজস্ব বিষয়। তবে পুতিনকে বন্ধু হিসেবে অভিহিত করাকে তিনি ‘অদ্ভুত’ বলে মনে করেন।

ইংরেজিতে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘তিনি একজন আগ্রাসী এবং হত্যাকারী। তিনি বন্ধু হতে পারেন না।’

তিনি আরও বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কেউ যদি হিটলারকে ভালো বন্ধু বলত, বিষয়টি ঠিক তেমনই হতো। না, তিনি বন্ধু নন।’

সম্প্রতি চীনে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে পুতিনকে ‘বন্ধু’ হিসেবে অভিহিত করেন ট্রাম্প। এর এক সপ্তাহ পর জেলেনস্কি এ মন্তব্য করলেন। সম্মেলনের কয়েক দিন পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প একটি ছবিও প্রকাশ করেন। সেখানে সম্মেলনে পুতিনের সঙ্গে তার করমর্দনের দৃশ্য দেখা যায়। ছবিটির শিরোনামে তিনি লেখেন, ‘আমার বন্ধু’।

ট্রাম্প ও জেলেনস্কির সম্পর্ক দীর্ঘদিন ধরেই অস্বস্তিকর। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের ওভাল অফিসে দুই নেতার বৈঠকে প্রকাশ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। ওই সময় ট্রাম্প জেলেনস্কিকে ভর্ৎসনা করেন, যা দুই দেশের সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন তৈরি করেছিল।

সাম্প্রতিক সময়েও ইউক্রেন যুদ্ধ নিয়ে দুই নেতার মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলার কারণে জ্বালানির দাম বেড়েছে বলে অভিযোগ করেছেন ট্রাম্প। এ ঘটনায় ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।

অন্যদিকে জেলেনস্কির অভিযোগ, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের অবস্থান মস্কোকে উৎসাহিত করছে। ফলে যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা এবং ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রশ্নে দুই নেতার মধ্যে মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে উঠেছে।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!