মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদণ্ড
চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে আটক ২৮ জেলের মধ্যে ২৪ জনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলেদের কাছ থেকে এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ১৫ কেজি মা ইলিশ ও ছয়টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রশীদ।
জানা গেছে, সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান পরিচালনা করে হাইমচর উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি ও স্থানীয় কোস্টগার্ড। অভিযানে নেতৃত্ব দেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম।
উপজেলা প্রশাসন জানায়, সরকারঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে একদল জেলে নদীতে মাছ ধরছিলেন। খবর পেয়ে টাস্কফোর্স নদীজুড়ে ঝটিকা অভিযান চালিয়ে ২৮ জন জেলেকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ জেলেকে কারাদণ্ড দেওয়া হয় এবং অপ্রাপ্তবয়স্ক চারজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অভিযান চলাকালে জব্দকৃত এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া মাছ ধরার ছয়টি নৌকা কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে এবং জব্দ ১৫ কেজি মা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম জানান, মা ইলিশ যাতে নিরাপদে মেঘনায় ডিম ছাড়তে পারে, সে লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অভয়াশ্রম এলাকায় উপজেলা টাস্কফোর্স কঠোর অবস্থানে থাকবে।