ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটে ৮৮ লাখ ৬৫ হাজার টাকার যাকাত তহবিল হস্তান্তর

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৯, ২২ সেপ্টেম্বর ২০২৬
লালমনিরহাটে ৮৮ লাখ ৬৫ হাজার টাকার যাকাত তহবিল হস্তান্তর
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ৫৯১টি মুস্তাহিক পরিবারের মাঝে ৮৮ লাখ ৬৫ হাজার টাকার যাকাত তহবিল হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার দক্ষিণ বালাপাড়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) ও গিভিং গ্রেস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ তহবিল হস্তান্তর কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইসলামিক ইনস্টিটিউট অব সোশ্যাল ফাইন্যান্সের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল বক্তা ছিলেন সিজেডএমের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

Advertisement

বিশেষ অতিথি ছিলেন গিভিং গ্রেস ফাউন্ডেশনের ট্রাস্টি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রশিদ আল মাজিদ খান সিদ্দিকী মামুন এবং আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী, দক্ষিণ বালাপাড়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ আখতারুজ্জামান, জীবিকা উন্নয়ন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) এনামুল হক এবং লালমনিরহাট-আদিতমারী উপজেলা প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম।

গিভিং গ্রেস ফাউন্ডেশনের ট্রাস্টি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রশিদ আল মাজিদ খান সিদ্দিকী মামুন বলেন, ২০০৮ সাল থেকে সিজেডএম এ পর্যন্ত প্রায় ১৮ লাখ মানুষকে বিভিন্ন সেবা দিয়ে আসছে। ২০২৫ সালে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পাঁচ বছর মেয়াদি এ প্রকল্প শুরু করা হয়। ২২টি তৃণমূল সংগঠনের মাধ্যমে প্রকল্পটির আওতায় ৬০০টি পরিবারের ২ হাজার ৬০৪ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, প্রথম ধাপে ৫৯১টি পরিবারের মাঝে ৮৮ লাখ ৬৫ হাজার টাকা তহবিল হস্তান্তর করা হয়েছে। পরবর্তী ধাপে আরও ৮৬ লাখ ৯০ হাজার টাকা দেওয়া হবে। দুই ধাপে মোট ১ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার টাকা তহবিল হস্তান্তর করা হবে। এ ছাড়া পাঁচ বছর মেয়াদি জীবিকা উন্নয়ন প্রকল্পের আওতায় ৬০০টি পরিবারের জন্য মোট ৪ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৮০০ টাকা ব্যয় করা হবে।

প্রধান অতিথি ড. মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, সিজেডএম এ পর্যন্ত দেশের ২৯টি জেলার ৪৬টি উপজেলায় ৭৫টি জীবিকা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে। এসব প্রকল্পের আওতায় ৩৫ হাজার ২৭৬টি পরিবারের মোট ১ লাখ ৫০ হাজার ৮৮৯ জন সদস্য উপকৃত হয়েছেন।

তিনি আরও বলেন, সমাপ্ত প্রকল্পগুলোর মূল্যায়নে দেখা গেছে, সুবিধাভোগী পরিবারগুলোর গড় মাসিক আয় ৮ হাজার ৭০৪ টাকা থেকে বেড়ে ২৮ হাজার ৬২৫ টাকায় উন্নীত হয়েছে। এতে গড় আয় ২২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি প্রায় ৩০ শতাংশ পরিবার দারিদ্র্যসীমা অতিক্রম করে যাকাতদাতা পরিবারে পরিণত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!