ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

জয়পুরহাট সীমান্তে ৩ যুবককে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৩, ৬ অক্টোবর ২০২৬
জয়পুরহাট সীমান্তে ৩ যুবককে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
জয়পুরহাটের রামকৃষ্ণপুর সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি ও স্থানীয়রা। ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাট সদর উপজেলার রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে তিন যুবককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। মঙ্গলবার সকালে সীমান্তের ২৭৬ নম্বর মূল পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্প ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিএসএফ সদস্যরা সীমান্তের ২৭৬ নম্বর মূল পিলার এলাকা দিয়ে তিন যুবককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা সেখানে অবস্থান নেন।

স্থানীয় বাসিন্দা আজিম হোসেন জানান, সকালে সীমান্তসংলগ্ন মাঠে কাজ করার সময় তিনি বিএসএফ সদস্যদের তিন যুবককে ২৭৬ নম্বর পিলারের কাছে এনে রাখার দৃশ্য দেখতে পান।

বিষয়টি জানাজানি হলে পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দারাও বিজিবির সঙ্গে অবস্থান নেন। ২৭৬ নম্বর মূল পিলার থেকে প্রায় ৩০০ গজ দূরে সড়কপথে বিজিবি সদস্য ও স্থানীয়রা সতর্ক অবস্থান নিয়ে পাহারা শুরু করেন। এতে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। তিন যুবক বর্তমানে ভারতীয় সীমান্তের ভেতরে অবস্থান করছেন বলে জানা গেছে।

ঘটনার পর মঙ্গলবার সকাল ১১টার দিকে বিএসএফ-১২৩ ব্যাটালিয়নের দুর্গাপুর ক্যাম্প ও বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্পের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টার এ বৈঠকে বিষয়টির চূড়ান্ত সমাধান হয়নি।

বিজিবির কড়িয়া বিওপির কমান্ডার মহাতাব উদ্দিন বলেন, বিএসএফ তিন যুবককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। বিজিবি তাৎক্ষণিকভাবে অবস্থান নিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকিয়েছে। প্রথম দফার পতাকা বৈঠকে কোনো সমাধান হয়নি। বিষয়টি নিয়ে আরও একটি পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!