পরীমনির প্রেম-বিয়ের গল্পে আলোচিত যারা
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনির অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমের আলোচনার কেন্দ্রে এসেছে। প্রেম, বিয়ে, বাগদান ও বিচ্ছেদের নানা ঘটনায় বারবার শিরোনাম হয়েছেন তিনি। কখনো ফুটবলার, কখনো বিনোদন সাংবাদিক, আবার কখনো চলচ্চিত্র পরিচালক ও অভিনেতার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। সর্বশেষ পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েনের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টি আলোচনায় আসে। এ সম্পর্কের জেরে বিভাগীয় তদন্তের মুখে পড়ে শেষ পর্যন্ত চাকরি হারিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময় অনলাইন’ পরীমনির অতীত সম্পর্ক ও বিয়ের বিভিন্ন অধ্যায় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদন এবং বাংলাদেশের বিভিন্ন সময়ের সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য পর্যালোচনায় উঠে এসেছে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের বেশ কয়েকটি আলোচিত ঘটনা। তবে এসব ঘটনার সবকটিই বিয়ে বা প্রতিষ্ঠিত প্রেমের সম্পর্ক নয়। কিছু সম্পর্কের খবর সংবাদমাধ্যমে এসেছে, কিছু বিষয়ে পরীমনি নিজেই কথা বলেছেন, আবার কিছু ঘটনা নিয়ে রয়েছে গুঞ্জন।
অভিনেত্রী হওয়ার আগে পরীমনির নাম ছিল শামসুন্নাহার স্মৃতি। পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় নানার বাড়িতে তাঁর শৈশব কাটে। ২০১১ সালে ঢাকায় এসে নাচ শেখার পাশাপাশি মডেলিং শুরু করেন। পরে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান পরীমনি। ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর।

খালাতো ভাইয়ের সঙ্গে বিয়ের কথা স্বীকার
অভিনয়জগতে আসার আগের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন নানা আলোচনা ছিল। বিশেষ করে খালাতো ভাই ইসমাইলের সঙ্গে তাঁর বিয়ের খবর বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে আসে। ২০২৫ সালের অক্টোবরে মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেন পরীমনি।
অনুষ্ঠানে সঞ্চালকের প্রশ্নের জবাবে ইসমাইলের সঙ্গে বিয়ের বিষয়টি স্বীকার করেন তিনি। তবে তাঁকে ‘সৎস্বামী’ বলে উল্লেখ করেন। একই অনুষ্ঠানে নিজের বিয়ে নিয়ে প্রচলিত নানা গুঞ্জনের প্রসঙ্গেও মজা করেন অভিনেত্রী। ছোটবেলা থেকে এক ডজন বিয়ের ইচ্ছার কথা বলতেন বলেও জানান তিনি। তাঁর এই বক্তব্যের পর পুরোনো সম্পর্ক ও বিয়ের ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
ফুটবলার সৌরভকে ঘিরে আলোচনা
পরীমনির জীবনের আরেকটি আলোচিত অধ্যায় যশোরের ফুটবলার ফিরদৌস কবীর সৌরভকে ঘিরে। ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময় অনলাইন’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালের এপ্রিল মাসে সৌরভের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন পরীমনি। সৌরভের পরিবারের সহযোগিতায় তিনি বিনোদনজগতে প্রবেশের সুযোগ পেয়েছিলেন বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তাঁদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৪ সালে বিচ্ছেদ ঘটে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সাংবাদিক তামিমের সঙ্গে প্রেম ও বাগদান
২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে পরীমনির প্রেমের সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। দীর্ঘদিনের সেই সম্পর্কের পর ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁদের বাগদান সম্পন্ন হয়।
বাগদানের খবর নিজেরাই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন পরীমনি ও তামিম। সে সময় পরীমনি বলেছিলেন, তাঁদের প্রেমের শুরু যেদিন, বাগদানও হয়েছে সেদিন। বিয়ের জন্য আরও কিছুটা সময় প্রয়োজন বলেও জানিয়েছিলেন তিনি।
তবে সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। ২০১৯ সালের জুনে তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ার খবর প্রকাশিত হয়। পরীমনি নিজেও এক সাক্ষাৎকারে সম্পর্কের ইতি টানার ইঙ্গিত দিয়েছিলেন।

পরিচালক রনির সঙ্গে বিয়ে, পাঁচ মাসেই বিচ্ছেদ
তামিমের সঙ্গে বাগদান ভাঙার পর ২০২০ সালের ৯ মার্চ চলচ্চিত্র পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেন পরীমনি। মাত্র পাঁচ মাস পরিচয়ের পর তাঁদের বিয়ের সিদ্ধান্ত আসে। রাজধানীর ঢাকায় অভিনেত্রী ও পরিচালক হৃদি হকের অফিসে কাজি ডেকে বিয়ে করেন তাঁরা।
বিয়ের দেনমোহর ছিল মাত্র তিন টাকা। বিয়ের খবরটি নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন। সে সময় পরীমনি বলেছিলেন, তাঁরা তিন টাকায় বিয়ে করেছেন। বিষয়টি নিয়ে বিনোদন অঙ্গনে বেশ আলোচনা তৈরি হয়।
তবে সেই সংসারও দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের পাঁচ মাসের মধ্যেই তাঁদের সম্পর্কের অবসান ঘটে। এ নিয়ে দুজনের কেউ বিস্তারিত কথা না বললেও সংবাদমাধ্যমে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশিত হয়।

শরীফুল রাজের সঙ্গে সংসার ও সন্তান
২০২১ সালে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে পরিচয় হয় পরীমনির। কাজের সূত্রে পরিচয় থেকে ঘনিষ্ঠতা, পরে প্রেমের সম্পর্ক। ২০২২ সালের ১০ জানুয়ারি পরীমনি অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন। একই সঙ্গে রাজের সঙ্গে বিয়ের কথাও জানান তাঁরা। তাঁদের ভাষ্য অনুযায়ী, ২০২১ সালের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে বিয়ে হয়েছিল।
২০২২ সালের ১০ আগস্ট তাঁদের ঘরে জন্ম নেয় পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। সন্তান জন্মের পর তাঁদের সংসার নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়। তবে দাম্পত্য জীবনে নানা টানাপোড়েন দেখা দেয়। একপর্যায়ে আলাদা হয়ে যান তাঁরা। ২০২৩ সালের সেপ্টেম্বরে পরীমনি রাজকে বিচ্ছেদের নোটিশ পাঠান। পরে তাঁদের বিচ্ছেদ কার্যকর হয়।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে পরীমনি জানান, তৃতীয় কোনো পক্ষের কারণে তাঁদের সংসার ভাঙেনি। বোঝাপড়ার পার্থক্যই বিচ্ছেদের কারণ বলে উল্লেখ করেন তিনি।

পুলিশ কর্মকর্তা সাকলায়েনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক
পরীমনির ব্যক্তিগত জীবন নিয়ে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলকে ঘিরে। ২০২১ সালের ১৪ জুন ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেন পরীমনি। মামলাটির তদন্তের দায়িত্বে ছিল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তখন এডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন গোলাম সাকলায়েন।
পরবর্তী সময়ে সাকলায়েনের সঙ্গে পরীমনির ঘনিষ্ঠতার বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। বিশেষ করে ২০২১ সালের ১ আগস্ট সাকলায়েনের সরকারি বাসভবনে পরীমনির দীর্ঘ সময় অবস্থানের খবর ও সিসিটিভি ফুটেজ প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ ঘটনায় পুলিশ কর্মকর্তা সাকলায়েনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়। তদন্তে সরকারি দায়িত্বে থাকা অবস্থায় পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ প্রমাণিত হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। ২০২৬ সালের ১৮ জুন তাঁকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে পরীমনির সঙ্গে সম্পর্কের বিষয়টি শুধু বিনোদন অঙ্গনের আলোচনায় সীমাবদ্ধ থাকেনি, সরকারি প্রশাসনেও বড় ধরনের বিতর্ক তৈরি করে।

গুঞ্জন ও বাস্তবতার পার্থক্য
এ ছাড়া বিভিন্ন সময়ে পরীমনির সঙ্গে আরও কয়েকজন শিল্পী, ব্যবসায়ী ও পরিচিত ব্যক্তির নাম জড়িয়ে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তবে এসব সম্পর্কের সবগুলোর পক্ষে নির্ভরযোগ্য তথ্য বা সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বীকারোক্তি পাওয়া যায়নি। তাই সেগুলোকে প্রতিষ্ঠিত সম্পর্ক হিসেবে দেখার সুযোগ নেই।
অভিনয়জীবনে নানা চরিত্রে দর্শকের সামনে হাজির হলেও ব্যক্তিগত জীবনের নানা ঘটনা পরীমনিকে বারবার আলোচনায় এনেছে। একাধিক বিয়ে, বাগদান, প্রেম ও বিচ্ছেদের অভিজ্ঞতা তাঁর জীবনকে ঘিরে তৈরি করেছে আলাদা কৌতূহল। আর পুলিশ কর্মকর্তা সাকলায়েনের সঙ্গে সম্পর্কের ঘটনায় সেই আলোচনা পেয়েছে নতুন মাত্রা।