ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
আগুন দেওয়া হয় বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে
তবে প্রতিবেশীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বুধবার দিনগত রাত ৩টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। খান তালাত মাহমুদ রাফির অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুতের মিটারের ঠিক নিচে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন পুরো বাড়িতে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি তার।
রাফি জানান, ঘটনার সময় তার মা-বাবা বাড়িতে ঘুমিয়ে ছিলেন। পাশের বাড়ির এক নারী আগুন দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যদের ঘুম ভাঙে। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নেভানো সম্ভব হয়। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তার মা-বাবা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ঘটনার বিবরণ তুলে ধরে রাফি লেখেন, ‘রাত আনুমানিক ৩টায় আমার গ্রামের বাড়ি (নেত্রকোনায়) আওয়ামী সন্ত্রাসীরা আগুন দিয়েছিল। ঘরের কারেন্টের মিটারের ঠিক নিচে পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছে। ভাগ্যক্রমে বাড়ির মানুষজন জেগে যাওয়ায় আল্লাহ আমার আব্বা-আম্মাকে বাঁচিয়েছেন।’
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, ‘ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’