ঢাকা, শনিবার ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
পাগলা মসজিদে এবার মিলল রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। দানবাক্সগুলোতে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা, যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ৪ মাস ২৪ দিনে এসব টাকা জমা পড়েছে। নগদ টাকার পাশাপাশি পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। মিলেছে স্বর্ণের চামচ ও বাটিও।
শনিবার (২১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদ টাকার পরিমাণ নিশ্চিত করেন।
এর আগে, সকাল সোয়া ৭টার দিকে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সদস্যসচিব মো. কামরুল ইসলাম মারুফসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। পরে সেগুলো থেকে টাকা বের করে ৫১টি বস্তায় ভরা হয়। সকাল ৯টার দিকে মসজিদের দ্বিতীয় তলায় শুরু হয় টাকা গণনা। দিনভর চলে এ কার্যক্রম।
টাকা গণনায় অংশ নেন পাগলা মসজিদসংলগ্ন মাদ্রাসার ১১০ জন, আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন শিক্ষার্থী, মসজিদের ৩৩ জন কর্মচারী এবং রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন। সব মিলিয়ে পাঁচ শতাধিক মানুষ ১০টি মানি কাউন্টিং মেশিনের সহায়তায় টাকা গণনার কাজ করেন।
রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিছী বলেন, এবার দানবাক্স থেকে ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। এর আগে সর্বোচ্চ ৪৩ বস্তা টাকা পাওয়ার রেকর্ড ছিল। এবার আগের তুলনায় আট বস্তা বেশি টাকা পাওয়া গেছে। গতবার দানবাক্সে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা।
পাগলা মসজিদের দানবাক্স খোলা ও টাকা গণনাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। টাকা গণনায় অংশ নেওয়া আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী তামজীদ বিন তাফসীর ও তাহমিদুল হক তানিম বলেন, তারা অধীর আগ্রহে অপেক্ষা করেন কখন দানবাক্স খোলা হবে এবং কখন গণনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। একসঙ্গে এত টাকা দেখা ও গণনার সুযোগ শুধু পাগলা মসজিদেই পাওয়া যায় বলে তাদের অভিমত।
একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী আবদুল্লাহ সামিউল জানান, তারা বিভিন্ন মূল্যমানের নোট আলাদা করে সাজিয়ে ব্যাংক কর্মকর্তাদের হাতে তুলে দেন। পরে কর্মকর্তারা সেগুলো গণনা করে মেশিনের সাহায্যে বান্ডেল করেন। একসঙ্গে এত টাকা দেখতে ও গুনতে তাদের ভালো লাগে।
দানবাক্স খোলার খবর ছড়িয়ে পড়লে মসজিদের আশপাশে ভিড় করেন উৎসুক মানুষ। দূর-দূরান্ত থেকেও অনেকে মসজিদ দেখতে ও দান করতে আসেন। অষ্টগ্রাম থেকে আসা মোহাম্মদ মোস্তাক শেখ বলেন, একটি মামলাসংক্রান্ত বিষয়ে আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে তিনি কিশোরগঞ্জ শহরে এসেছিলেন। পরে দানবাক্স খোলার খবর শুনে মসজিদে আসেন। এসে দেখেন, তার মতো অনেকেই মসজিদ দেখতে ও মানত করতে এসেছেন।
নগুয়া আয়েশা আহাদ দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আবুল খায়ের মোহাম্মদ সানাউল্লাহ বলেন, অনেকেই পাগলা মসজিদে দান করে আত্মতৃপ্তি পান। আবার অনেকে বিশ্বাস করেন, এখানে দান করলে তাদের মনের আশা পূরণ হয়। এ বিশ্বাস থেকেই তারা মসজিদে দান করেন।
জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন জানান, এর আগে গত ২৭ জুন মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছিল। সেদিন পাওয়া গিয়েছিল ৪৩ বস্তা টাকা। দিনভর গণনা শেষে টাকার পরিমাণ দাঁড়ায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। নগদ টাকার পাশাপাশি সেবার স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রাও পাওয়া যায়।
দীর্ঘ ছয় বছর পর দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার পরিমাণ নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়। গত ১২ অক্টোবর স্বর্ণ ও রুপার অলংকার ওজন শেষে পাওয়া যায় ১ হাজার ৪৪ ভরি স্বর্ণালংকার এবং ১ হাজার ৮৮ ভরি রুপার অলংকার। এ ছাড়া পাওয়া গেছে ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা।
জেলা প্রশাসক জানান, বর্তমানে পাগলা মসজিদের ব্যাংক হিসাবে জমা রয়েছে ১৩৩ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা। এ ছাড়া মসজিদের নিজস্ব ওয়েবসাইট চালুর পর থেকে অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনুদান পাওয়া গেছে ৩৯ লাখ ৩২ হাজার ১০৬ টাকা।
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, সময়ের প্রয়োজনে পাগলা মসজিদের সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে। ইতিমধ্যে সম্প্রসারণের নকশা প্রণয়নের কাজ শেষ হয়েছে। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের আগমন, নামাজ আদায় ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় নানা সমস্যা হচ্ছে। এসব সমস্যা সমাধানে মসজিদ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন ধর্মের মানুষের দেওয়া দানের অর্থ দিয়েই উন্নয়ন ও সম্প্রসারণের কাজ করা হবে।
তিনি আরও বলেন, মসজিদসংলগ্ন মাদ্রাসার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলতে উদ্যোগ নেওয়া হবে।
কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে প্রায় ১০ শতাংশ জমির ওপর অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ। মসজিদ ও ইসলামী কমপ্লেক্স পরিচালনার জন্য রয়েছে ৩১ সদস্যবিশিষ্ট একটি কমিটি। জেলা প্রশাসক এ কমিটির সভাপতি।