ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

নড়াইলে ২ বিএনপি নেতা হত্যায় হিন্দু বসতিতে হামলার খবর নাকচ পুলিশের

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০২, ২১ নভেম্বর ২০২৬
নড়াইলে ২ বিএনপি নেতা হত্যায় হিন্দু বসতিতে হামলার খবর নাকচ পুলিশের
ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতাকে হত্যার জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বাড়িতে হামলা অভিযোগ উঠেছে। তবে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে ‎নড়াইল জেলা পুলিশ।

‎শনিবার (২১) দুপুরে নড়াইল পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সেতু গেটসংলগ্ন বটতলায় বিএনপির একটি মিছিলে হামলা চালান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) নিহত হন। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেফতার করা হয়। তারা দুজনই কালিয়ার বেন্দারচর এলাকার বাসিন্দা। তাদের বাবার নাম বুলু বিশ্বাস।

‎পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই হত্যাকাণ্ডের জেরে শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে নিহত ব্যক্তিদের ক্ষুব্ধ আত্মীয়-স্বজন এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী বেন্দারচর গ্রামে জড়ো হন। একপর্যায়ে তারা হত্যাকাণ্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বাড়িতে হামলা চালিয়ে চলে যান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের কোনো বসতি নেই। সেখানে হিন্দু পরিবারের বাড়িঘর কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ভিডিও ও তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। 

পূর্বের ঘটনার ভিডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন বলে দাবি করেছে পুলিশ।

‎পুলিশ জানায়, হামলার খবর পেয়ে কালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।

হিন্দু বসতিতে হামলার অভিযোগের বিষয়ে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে এখানকার হিন্দু সম্প্রদায়ের ৯০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিএনপি আছে, তারাও বিএনপির সঙ্গে আছেন। 

তিনি আরও বলেন, ‘ফেসবুকে দেখছি দুই শতাধিক বাড়িতে হামলা করা হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা।’

কালিয়ায় হামলা-অগ্নিসংযোগের বিষয়ে যা জানা গেল:
নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতাকে হত্যার জের ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক মুক্তিসহ কয়েকজন নেতাকর্মীর বাড়ি ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলে থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বেন্দারচর গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন দেখতে পায়। গ্রামের একেকটি বাড়িতে তিন থেকে চারটি করে ঘর থাকে, সে হিসাবে আগুনে ক্ষতিগ্রস্ত ঘরের সংখ্যা আরও বেশি হবে বলে ফায়ার সার্ভিসের ধারণা।

এর আগে গত বুধবার কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় দুজন নিহত হন। তারা হলেন- কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা ও পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম।

বেন্দারচর গ্রামের ভুক্তভোগীদের অভিযোগ, গতকাল বিকেলে হঠাৎ করে সাবেক এমপি বি এম কবিরুল হক (মুক্তি), সাবেক পৌর মেয়র মুশফিকুর রহমানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা করেন বিএনপির লোকজন। এ সময় বেন্দারচর গ্রামের প্রায় ৫০টি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। 

কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে এগুলো হয়েছে বলে যে প্রচার চলছে, সেটা কাল্পনিক।

অগ্নিসংযোগের বিষয়ে ফায়ার সার্ভিসের বক্তব্য:

কালিয়া উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, গতকাল বিকেল চারটার দিকে আগুন লাগে। কেউ তাদের কল করেনি। প্রতিবন্ধকতা ও নিরাপত্তাহীনতার কারণে তাৎক্ষণিকভাবে তারা সেখানে যেতে পারেননি। পরে রাত আটটার দিকে তারা ঘটনাস্থলে যান। তখন অনেক বাড়িতে আগুন ছিল, তবে আগুনের মাত্রা কম ছিল। কিছু বাড়ির আগুন তারা নিভিয়েছেন, কিছু নিজে থেকে নিভে গেছে। আনুমানিক ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন ছিল। বাড়িতে তিন থেকে চারটি করে ঘরও থাকে, সে হিসাবে সংখ্যাটা বেশ অনেক হবে।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যার আগে সাবেক এমপির বাসাসহ কয়েকটি বাসা ও ১৫–২০টি ঘর ভাঙচুর করা হয়েছে। পাঁচ থেকে ছয়টি ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। সাবেক এমপি বি এম কবিরুল হক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতে হামলার বিষয়ে তারা নিশ্চিত হতে পেরেছেন। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কারা হামলা করেছে, এ বিষয়ে প্রশাসন নিশ্চিত নয়। এটা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ সুপার (এসপি) মো. আল মামুন শিকদার মুঠোফোনে বলেন, বিএনপির নিহত দুই নেতার স্বজন–সমর্থকেরা ওই গ্রামে গিয়ে তিন থেকে চারটি বাড়িতে হামলা–ভাঙচুর চালান। এলাকাটি হিন্দু–অধ্যুষিত নয়। বিষয়টি যেভাবে প্রচার করা হচ্ছে, ঘটনা তেমন নয়।

ডেইলি-বাংলাদেশ/লোহাগড়া/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!