ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]
টিয়ারশেল-রাবার বুলেট নিক্ষেপ

পাবনার বেড়ায় বিএনপি ও নিষিদ্ধ আ.লীগের মধ্যে দিনভর সংঘর্ষ

পাবনা ও বেড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৪, ২১ নভেম্বর ২০২৬
পাবনার বেড়ায় বিএনপি ও নিষিদ্ধ আ.লীগের মধ্যে দিনভর সংঘর্ষ
ছবি- ডেইলি বাংলাদেশ

পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এই সংঘর্ষ বিকেল পর্যন্ত থেমে থেমে চলতে থাকায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এ ছাড়া সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় এক সংবাদকর্মী লাঞ্ছিত হয়েছেন এবং তার ক্যামেরা ভাঙচুর করা হয়েছে।

 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায়। ওই দিন বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। এর কিছুক্ষণ পরই উপজেলার বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে রাখা খড়ের পালায় আগুন ধরিয়ে দেওয়া হয়।এই ঘটনার জের ধরে এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত দুই দিন ধরে বেড়া পৌর এলাকার পায়না, বৃশালিখা, সওদাগরপাড়া ও হাতিগাড়াসহ বিভিন্ন মহল্লায় চরম উত্তেজনা বিরাজ করছিল। এ সময় পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া এবং বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ ওঠে।

 

স্থানীয়  কয়েক সাংবাদিক জানান,  বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার শনিবার দুপুরে হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে যান। এ সময় আগের সহিংসতার ঘটনায় পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়নি—এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন বিএনপি সমর্থিত কিছু লোকজন। সেখানে ঘটনার ভিডিও চিত্র ধারণ ও সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় এক সংবাদকর্মীকে লাঞ্ছিত করা হয় এবং তার ক্যামেরা ভাঙচুর করা হয়।

 

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে স্যানালপাড়া ও বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে দুই পক্ষের নেতাকর্মীরা নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এরপন তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে এলাকা রণক্ষেত্রে রূপ নেয় এবং উভয় পক্ষের কয়েকজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয়  জানা যায়নি।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল ছুড়তে থাকেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বিকেল চারটা পর্যন্ত ওই এলাকায় থেমে থেমে সংঘর্ষ ও উত্তেজনা চলছিল।

এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে, উপজেলার সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতা রোধে শনিবার দুপুরে বেড়া উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমার সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব প্রশাসনকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো দল সরকারের চাইতে বড় হতে পারে না।

স্থানীয় পুলিশের দুর্বলতার সমালোচনা করে সংসদ সদস্য বলেন মুষ্টিমেয় এই অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার, এনএসআই ডিডি রবিউল ইসলামসহ স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!