ঢাকা, শনিবার ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন, এস্কেভেটরসহ সরঞ্জাম ধ্বংস
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর, পাঁচটি শ্যালো মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করে বিনষ্ট করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার মাতামুহুরী সেতু, চকরিয়া-পেকুয়া সীমান্তবর্তী বাগুজরা সেতু এবং বাটাখালী সেতুসংলগ্ন নদীর তীরবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিউল আলম।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে কয়েকটি চক্র প্রশাসনের নজর এড়িয়ে মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছে। প্রশাসনের অভিযানের মুখে কয়েক দিন বন্ধ থাকলেও পরে আবারও শুরু হয় এসব কার্যক্রম।
এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় বালু ও মাটি উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দের পর বিনষ্ট করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. শফিউল আলম বলেন, মাতামুহুরী একটি ঐতিহ্যবাহী নদী। এর পরিবেশ, প্রতিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি। নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, কোথাও অবৈধভাবে বালু উত্তোলন, পাহাড় কাটা কিংবা পরিবেশ ধ্বংসের ঘটনা ঘটলে তাৎক্ষণিক প্রশাসনকে জানাতে হবে। প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।