ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ছুটি ঘোষণা ৫০ কারখানায়

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:০০, ২১ নভেম্বর ২০২৬
সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ছুটি ঘোষণা ৫০ কারখানায়
ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনের প্রভাব পড়েছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে। শনিবার (২১ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ না দেওয়ায় অন্তত ৫০টি কারখানা ছুটি ঘোষণা করেছে। এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ১১টি কারখানা এবং সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরও দুটি কারখানায়।

শনিবার দুপুর ১টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া এক ক্ষুদে বার্তায় এসব তথ্য জানান।

শিল্প পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে সাভার ও আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দেন। বেশিরভাগ কারখানায় উৎপাদন কার্যক্রমও চলছিল। তবে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হা-মীম ও শারমিন গ্রুপের কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করেন।

শ্রমিকদের অভিযোগ, কারখানায় কাজ শুরুর সময় সকাল ৮টার পরিবর্তে ৭টা নির্ধারণের প্রতিবাদে তারা কার্ড পাঞ্চ করে ভেতরে প্রবেশ করলেও কাজে যোগ দেননি। পরে কর্মবিরতির মুখে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। আগামীকাল থেকে সকাল ৮টায় কারখানার কার্যক্রম শুরু হবে বলে শ্রমিকদের জানানো হয়।

এ ছাড়া আশুলিয়ার বিভিন্ন এলাকার কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে এসব কারখানাও দিনের জন্য ছুটি ঘোষণা করে।

এদিকে, বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় উৎপাদন চালু থাকা একটি কারখানার সামনে শ্রমিকদের একটি দল অবস্থান নেয়। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়।

শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, কাঠগড়া এলাকায় কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক সচল কারখানাগুলোর সামনে গিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিল। কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

শিল্পাঞ্চল পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার শ্রম আইনের ১৩(১) ধারায় ১১টি কারখানা বন্ধ রয়েছে। নোটিশের মাধ্যমে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে দুটি কারখানায়। এর বাইরে শ্রমিকদের কর্মবিরতির মুখে আরও কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে।

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে অস্থিরতা থাকলেও সার্বিক পরিস্থিতি তুলনামূলক শান্ত রয়েছে। অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!