ঢাকা, শনিবার ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
শেখ হাসিনার ফাঁসি হবে, মাফ করা হবে না: শাহজাহান চৌধুরী
শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলাগুলোর রায় কার্যকর করার দাবি জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেছেন, মতিউর রহমান নিজামী ও মুজাহিদের মতো শেখ হাসিনারও ফাঁসি হবে। তাঁকে মাফ করা হবে না।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফ পৌর শহরে বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
শাহজাহান চৌধুরী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ১ হাজার ৯০০টি মামলা রয়েছে। এসব মামলার রায় বাস্তবায়ন করতে হবে। নিজামীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, নিজামীর গলায় যেভাবে ফাঁসির দড়ি ঝুলেছে, শেখ হাসিনার ক্ষেত্রেও তেমনটি হবে।
জামায়াতে ইসলামীর নেতাদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী ও মুজাহিদসহ বিভিন্ন নেতার বিরুদ্ধে মামলা করে সাজা কার্যকর করা হয়েছে। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও মিথ্যা মামলায় ১০ বছরের সাজা দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।
শাহজাহান চৌধুরী বলেন, অসুস্থ অবস্থায় চিকিৎসার সুযোগ না পেয়ে কারাগারে ধুঁকে ধুঁকে মারা যান খালেদা জিয়া। অতীতে রাজনৈতিক নেতাদের বিচারের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, শেখ হাসিনা কেন বিচারের বাইরে থাকবেন?
টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার প্রসঙ্গও তুলে ধরেন সংসদ সদস্য। তিনি বলেন, একরাম আওয়ামী লীগ করতেন। তাহলে তাঁকে কেন হত্যা করা হয়েছিল? এ হত্যার জবাব কে দেবে? শেখ হাসিনা ও আবদুর রহমান বদিসহ সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। পাশাপাশি অতীতে বিনা বিচারে হত্যা, গুম, নির্যাতন ও ক্রসফায়ারের ঘটনাগুলোর বিচার দাবি করেন।
শাহজাহান চৌধুরী বলেন, তাঁর অভিজ্ঞতা অনুযায়ী, বাংলাদেশের মানুষ অন্য কাউকে ক্ষমা করলেও শেখ হাসিনাকে ক্ষমা করবে না। শেখ হাসিনার বিচারের রায় মানুষ দেখে যাবে। জুলাই আন্দোলনে দুই হাজার মানুষ হত্যার অভিযোগ তুলে এসব ঘটনার বিচার নিশ্চিত করার দাবিও জানান তিনি। এ সময় মেজর সিনহা হত্যার প্রসঙ্গও উল্লেখ করেন।
টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদ সদস্য বলেন, অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা ও মানব পাচার বন্ধ করতে হবে। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, টেকনাফে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় করে অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে। মানুষকে জিম্মিদশা থেকে মুক্ত করতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
টেকনাফের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে শাহজাহান চৌধুরী বলেন, বর্ষা শেষ হয়েছে, এখন উন্নয়নের জোয়ার বইবে। টেকনাফ স্থলবন্দর সুন্দরভাবে পরিচালনার পাশাপাশি আরও একটি বন্দর প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। ব্যবসা-বাণিজ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কথাও জানান তিনি।
সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভুল করলে তার চরম মাশুল দিতে হবে। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘একটা ঘর জ্বললে দশটা ঘর জ্বলবে।’ কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে টেকনাফ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।