ঢাকা, শনিবার ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ২৯৯
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৯ জনকে আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৩২টি মামলা করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, আটকদের মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগে ১৯ জন, ওয়ারীতে ৩৭ জন, মতিঝিলে ২৬ জন, তেজগাঁওয়ে ৪৮ জন, মিরপুরে ৭৩ জন, গুলশানে ১৮ জন এবং উত্তরা বিভাগে ৪৭ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ চারজন এবং এসআরইউ বিভাগ চারজনকে আটক করেছে।
অভিযানকালে চারটি অবিস্ফোরিত ও চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫০টি ইয়াবা, চার বোতল তরল পেট্রল, পেট্রলভর্তি দুটি পলিথিনের গোলা, একটি গ্যাসলাইট, ছয়টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নিয়াজ মেহেদী বলেন, শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্টদের আটক করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।