ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ ক্যাম্পাস ]

তিন সন্তানের মাকে বাঁচাতে নোবিপ্রবি শিক্ষকের আকুতি, প্রয়োজন ৭০ লাখ টাকা

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৪, ২১ নভেম্বর ২০২৬
তিন সন্তানের মাকে বাঁচাতে নোবিপ্রবি শিক্ষকের আকুতি, প্রয়োজন ৭০ লাখ টাকা
স্ত্রীর চিকিৎসায় পাঁচ বছরের লড়াইয়ে ওয়ালিউর রহমান আকন্দ বিপুল

‘আমার অবুঝ তিন সন্তানের কাছ থেকে তাদের মাকে কেড়ে নিও না।’ ক্যানসারে আক্রান্ত স্ত্রী মোছা. রুবিয়া পারভীনকে বাঁচাতে আকুতি জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ওয়ালিউর রহমান আকন্দ বিপুল। গত পাঁচ বছরে স্ত্রীর চিকিৎসায় ব্যয় করেছেন প্রায় ৬০ লাখ টাকা। শেষ হয়েছে পরিবারের সঞ্চয়, হয়েছেন প্রায় ৫০ লাখ টাকা ঋণগ্রস্ত। এখন উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন আরও ৬০ থেকে ৭০ লাখ টাকা।

২০২২ সালে ৩৭ বছর বয়সী রুবিয়া পারভীনের স্তন ক্যানসার শনাক্ত হয়। তখন রোগটি তৃতীয় পর্যায়ে (স্টেজ-৩) ছিল। এরপর ঢাকায় চিকিৎসক ডা. জাফর মাহমুদের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়। পরবর্তী সময়ে ২০২৩ সালে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচার, কেমোথেরাপি ও রেডিওথেরাপি নেওয়া হয়। চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে উঠলে পরিবারে স্বস্তি ফিরে আসে। তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি।

ওয়ালিউর রহমান আকন্দ বিপুলের ভাষ্য অনুযায়ী, ২০২৩ ও ২০২৪ সালে ক্যানসারটি আবার ফিরে আসে। সর্বশেষ ২০২৬ সালের পরীক্ষায় দেখা যায়, ক্যানসার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। এমনকি মস্তিষ্কেও এর বিস্তার ঘটেছে, যা চিকিৎসাবিজ্ঞানে ব্রেন মেটাস্টেসিস নামে পরিচিত। বর্তমানে ঢাকার ডেল্টা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে। এতে প্রতি মাসে ব্যয় হচ্ছে ৭০ হাজার টাকার বেশি।

এ অবস্থায় চিকিৎসকদের পরামর্শে চীনের গুয়াংজুতে অবস্থিত মডার্ন ক্যানসার হাসপাতালে উন্নত চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করেছে পরিবারটি। সেখানে ডা. সিওকের তত্ত্বাবধানে অস্ত্রোপচার ও একাধিক সাইকেল কেমোথেরাপি দেওয়ার প্রস্তাব রয়েছে। তিন ধাপে এ চিকিৎসা সম্পন্ন করতে আনুমানিক ৬০ থেকে ৭০ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন ওয়ালিউর রহমান আকন্দ বিপুল।

তিনি জানান, স্ত্রীর চিকিৎসায় পরিবারের সঞ্চিত অর্থ, জিপিএফ (GPF) ফান্ড এবং আত্মীয়-স্বজনের সহযোগিতা মিলিয়ে ইতোমধ্যে প্রায় ৬০ লাখ টাকা ব্যয় হয়েছে। দীর্ঘদিন চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে বর্তমানে প্রায় ৫০ লাখ টাকা ঋণগ্রস্ত তিনি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার দায়িত্ব পালনের পাশাপাশি স্ত্রীর চিকিৎসা ও তিন সন্তানের দেখাশোনা করতে গিয়ে কঠিন আর্থিক সংকটের মুখে পড়েছেন এই শিক্ষক।

এদিকে, সম্প্রতি স্ত্রীর চিকিৎসায় সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগের কথা জানতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন রুবিয়া পারভীন। নিজের ফেসবুক পোস্টে চিকিৎসার দীর্ঘ লড়াই, স্বামীর ত্যাগ এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন তিনি।

রুবিয়া জানান, একদিন বিকেলে হঠাৎ তার নগদ অ্যাকাউন্টে ৩০ টাকা আসে। প্রথমে ভুল করে কেউ টাকা পাঠিয়েছেন ভেবে তা ফেরত দেওয়ার কথা ভাবছিলেন। কিছুক্ষণ পর আরও ১০০ টাকা আসে। পরে ফেসবুকে প্রবেশ করে তাকে নিয়ে একের পর এক পোস্ট দেখতে পান। শিক্ষার্থীদের উদ্যোগের বিষয়টি বুঝতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, ‘পুরো শরীর ঘেমে গেল। আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। বুক ফেটে কান্না বের হলো। হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। শিক্ষার্থীদের উদ্যোগ আমার কাছে গর্বের। তারা তাদের স্যারকে কতটা সম্মান করলে, স্যারের এই দুর্দিনে এভাবে পাশে দাঁড়ায়।’

স্বামীর দীর্ঘদিনের ত্যাগের কথা উল্লেখ করে রুবিয়া আরও লেখেন, ‘কষ্ট হচ্ছে এ কথাটা ভেবে, এই লোকটার সারা জীবনের সঞ্চয়, তার ক্যারিয়ার সব আমার পেছনেই নষ্ট করেছে। তারপরও সে আমাকে সুস্থ করতে পারল না। জানি না আল্লাহ পাক তাদের এই প্রচেষ্টাকে সফল করবেন কিনা। তবে এখন আল্লাহর কাছে চাই, হে আল্লাহ, তুমি এই প্রচেষ্টাকে সফল করিও। আমার অবুঝ তিন সন্তানের কাছ থেকে তাদের মাকে কেড়ে নিও না।’

স্ত্রীকে সুস্থ করে সন্তানদের কাছে ফিরিয়ে দেওয়াই এখন ওয়ালিউর রহমান আকন্দ বিপুলের সবচেয়ে বড় চাওয়া। দীর্ঘ পাঁচ বছর ধরে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে স্ত্রীর চিকিৎসা চালিয়ে গেলেও সামনে উন্নত চিকিৎসার বিপুল ব্যয় একা বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থীসহ দেশ-বিদেশের সামর্থ্যবান মানুষের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন তিনি। সম্মিলিত সহযোগিতায় স্ত্রীর চিকিৎসা চালিয়ে যাওয়ার পাশাপাশি তিন সন্তানের জীবনে মায়ের স্নেহ ফিরিয়ে আনার আশায় রয়েছেন এই শিক্ষক।

ডেইলি-বাংলাদেশ/নোবিপ্রবি/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!