ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫১, ২১ নভেম্বর ২০২৬
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পাকা ধান নিয়ে বিপাকে কৃষক
আখাউড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় পাকা ধান কাটা নিয়ে বিপাকে কৃষক। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মাঠজুড়ে চোখে পড়ছে কাচা পাকা আমন ধান। কোথাও চলছে ধান কাটা,মাড়াই, কোথাও আবার কৃষকরা ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন। এ মৌসুমে জমিতে ভালো ফলন হওয়ায় কৃষকের মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক।

এদিকে, গত দুদিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় পাকা ধান কাটা নিয়ে বিপাকে পড়েছে কৃষকেরা। বৃষ্টির কারণে তারা ধান কাটা, মাড়াইকাজ ও শুকাতে পারছেন না। সময়মতো আবহাওয়া স্বাভাবিক না হলে আমন ধানের বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

স্থানীয় একাধিক কৃষক জানান, বৃহস্পতিবার থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে। থেমে থেমে পড়ছে বৃষ্টি। বৃষ্টি থাকার ফলে তারা জমিতে থাকা  আগাম জাতের পাকা আমন ধান কাটতে পারছে না। তবে যারা ধান কেটেছেন তারা মাড়াই ও শুকাতে  অনেকটাই বিপাকে পড়েছেন। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় চলতি মৌসুমে আমন  আবাদে প্রায় ৪  হাজার ৪শ ১০ হেক্টর জমিতে লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়।  রোপনকৃত জমির মধ্যে ব্রি-৫২-৭৫,৮৫,৮৭,৯৩,৯৫, ৯৬,৯৭, ১০৩ বিআর ২৩সহ নানা জাতের উন্নতফলনশীল ধান রয়েছে। ধান রোপন করতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে কৃষককে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিওপি সার প্রণোদনা দেওয়া হয়।

সরেজমিনে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, মাঠে মাঠে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে আমনের কাচা পাকা ধান। কেউ কেটেছেন, কেউবা অপেক্ষায় আছেন কাটার জন্য। নানা প্রতিকুলতা অপেক্ষা করে এ মৌসুমে আমনের ভালো ফলনের সম্ভাবনা থাকলেও বৃষ্টির কারণে অনেকেই বিপাকে পড়েছে। 

কৃষক শাহজাহান মিয়া বলেন, এ মৌসুমে কৃষি অফিসের সহায়তায় ৫ বিঘা জমিতে আমন ধান আবাদ করেছি।  ইতিমধ্যে ২ বিঘা জমির ধান কাটা হয়েছে। এরমধ্যে এক বিঘা জমির ধান মাড়াই কাজ শেষ হয়েছে। বৃষ্টি থাকায় আর এক বিঘা জমির ধান মাড়াই কাজ করা যায় নি। তাছাড়া রোদ না থাকায় মাড়াই করা ধান শুকানো যাচ্ছে না। বাড়িতে কাজের শ্রমিক আছে। বৃষ্টির কারণে কাজ করতে না পাড়ায় তারা  অলস সময় পার করছেন। এ অবস্থা কয়েক দিন থাকলে বড় ধরনের ক্ষতি হবে।

কৃষক মো: মুর্শিদ মিয়া বলেন, এ মৌসুমে ৪ বিঘা জমিতে আমন ধান আবাদ করা হয়। ইতিমধ্যে ১ বিঘা জমির ধান কাটা হয়েছে। বাকী জমি আগামী সপ্তাহে কাটা হবে। এবার  জমিতে ফলনও ভালো হয়েছে। কিন্তু এখন বৈরী আবহাওয়ার কারণে বাতাসে জমির ধান হেলে পড়ার ভয় হচ্ছে।

কৃষক আবেদ আলী বলেন, জমির ধান পেকেছে। কিন্তু বৃষ্টির কারণে ধান কাটাতে  পারছি না। আবহাওয়া যদি এ অবস্থা আরো কয়েক দিন থাকে তাহলে  আমার অনেক ক্ষতি হবে।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা  মো. মাসুদ রানা বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমন ধানের কোনো ক্ষতি হবেনা। আমরা সার্বিকভাবে খোঁজ খবর রাখছি। আশা করছি দুএক দিনের মধ্যে আকাশের অবস্থা ভালো হয়ে যাবে।  

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!