ঢাকা, শনিবার ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
রংপুরে আর্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক
যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন এবং বিশ্বব্যাংকের অর্থায়নে ইকোনমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (আর্ন) প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) কাজী মোখলেছুর রহমান ২০ ও ২১ নভেম্বর রংপুর অঞ্চলে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন।
প্রকল্পটির লক্ষ্য শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা যুবক-যুবতীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং উদ্যোক্তা বিকাশের সুযোগ সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা।
এই প্রকল্পের আওতায় রংপুর বিভাগের ৮ জেলার ২২ টি উপজেলার ২৬২ টি ইউনিয়নের ৮৪ হাজার যুবক যুবতীকে দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং উদ্যোক্তা বিকাশের সুযোগ সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা হবে। রংপুর অঞ্চলে ৬ টি সহযোগী সংস্থা প্রান্তিক, বিডিএসসি, জিইউকে, ছিন্নমূল মহিলা সমিতি, রিসডা এবং সলিডারিটি এর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করবে BRAC.
এই প্রকল্পের অধীনে গ্রাম পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র ভিলেজ লেভেল ট্রেনিং সেন্টার (ভিএলটিসি) স্থাপন করা হবে। যেখানে বিভিন্ন প্রশিক্ষণ নেয়ার সুযোগ থাকবে।
দুই দিনের পরিদর্শনকালে প্রকল্প পরিচালক রংপুরে প্রকল্পের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন। পাশাপাশি তিনি নীলফামারী, ডিমলা এবং কুড়িগ্রামে মাঠপর্যায়ে উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ, প্রকল্পের স্থানীয় বাস্তবায়ন সহযোগী সংস্থাগুলোর কার্যক্রম এবং ভিলেজ লেভেল ট্রেনিং সেন্টার (ভিএলটিসি) পরিদর্শন করেন।
পরিদর্শনের অংশ হিসেবে প্রকল্প পরিচালক কুড়িগ্রামে মাঠপর্যায়ে উপকারভোগী নির্বাচনের প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। এ সময় উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা, নির্ধারিত মানদণ্ড- অনুসরণ এবং প্রকল্পের লক্ষ্য অনুযায়ী উপযুক্ত যুবদের অন্তর্ভূক্তির বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি তিনি প্রকল্পের স্থানীয় বাস্তবায়ন সহযোগী পার্টনার সংস্থাগুলোর কার্যক্রম পরিদর্শন করেন এবং তাদের চলমান উদ্যোগ ও বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
তিনি নীলফামারীর ডিমলায় ভিলেজ লেভেল ট্রেনিং সেন্টার (ভিএলটিসি) পরিদর্শন করেন এবং স্থানীয় পর্যায়ে যুবকদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ কেন্দ্রের প্রস্তুতি, অবকাঠামোগত সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণ কার্যক্রমের পরিবেশ সম্পর্কে অবহিত হন। এ ছাড়া তিনি নীলফামারিতে ব্র্যাক এর ব্র্যাক ইনস্টিটিউট অব স্কিলস ডেভেলপমেন্ট এর কার্যক্রমও পরিদর্শন করেন এবং দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন।
পরিদর্শনকালে ব্র্যাক এর আর্ন প্রকল্পের রংপুর অঞ্চলের টিম লিডার এ জেড এম নাজমুল ইসলাম চৌধুরীসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, কর্মকর্তা এবং পার্টনার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা প্রকল্পের চলমান কার্যক্রম, মাঠপর্যায়ের অভিজ্ঞতা, অর্জিত অগ্রগতি এবং বাস্তবায়নের বিভিন্ন দিক প্রকল্প পরিচালকের সামনে তুলে ধরেন।
পরিদর্শনকালে প্রকল্প পরিচালক কাজী মোখলেছুর রহমান স্থানীয় তরুণ-তরুণী এবং জনপ্রতিধিদের সঙ্গে মতবিনিমিয় করেন। এসময় তিনি বলেন, এই প্রকল্পের আওতায় গ্রাম পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপিত হবে যেখানে বাজার চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান এবং আয়ের সুযোগ সৃষ্টি করা হবে।
তিনি বলেন, গ্রাম পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র হওয়ার কারণে প্রশিক্ষণ নিতে স্থানীয় তরুণ-তরূণীদের বিশেষ করে নারীদেরকে দূরে যেতে হবে না এবং বাজারে যে কাজের চাহিদা আছে সেই কাজের প্রশিক্ষণ দেয়া হবে এবং এর ফলে প্রশিক্ষণ নেয়ার পর কাজের সুযোগ সৃষ্টি হবে।