ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

মিরসরাইয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার ২

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৩, ২১ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার ২
মিরসরাইয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আটক ব্যক্তি

চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার গেটসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ইবনে জাহিদ (৩৪) এবং সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে সালাহ উদ্দিন আকবর (৪৪)।

জোরারগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, খাগড়াছড়ি থেকে ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাসে অস্ত্র নিয়ে দুই ব্যক্তি যাত্রা করছেন। পরে শনিবার বিকেল পাঁচটার দিকে নয়টিলা মাজার গেটসংলগ্ন সড়কে অস্থায়ী চেকপোস্ট বসায় পুলিশ। বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসটি পৌঁছালে তল্লাশি চালিয়ে দুই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে জাপানি তৈরি একটি ৭.৬২ মি.মি. পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, অস্ত্রের চালানচক্রের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/মীরসরাই/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!