ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেশের আকাশে চাঁদের মনোমুগ্ধকর দৃশ্য

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৮, ১৪ সেপ্টেম্বর ২০২৬
দেশের আকাশে চাঁদের মনোমুগ্ধকর দৃশ্য
ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে সোমবার সন্ধ্যায় আকাশে চাঁদ ও শুক্র গ্রহের মনোমুগ্ধকর দৃশ্য দেখা গেছে। চাঁদের খুব কাছাকাছি শুক্র গ্রহকে দেখে বিস্মিত হন পৌর সদরের বালুচর মহল্লার বাসিন্দারা। মুহূর্তেই আকাশের এই দৃশ্য দেখতে ভিড় করেন কৌতূহলী মানুষ। অনেকে মুঠোফোনে ছবি তুলে রাখেন সেই দৃশ্য।

গ্রামাঞ্চলে বিকেলের সময় কর্মজীবী মানুষ সাধারণত নিজ নিজ কাজে ব্যস্ত থাকেন। আর শিক্ষার্থী কিংবা অবসর সময় কাটানো মানুষজন একসঙ্গে বসে গল্প-আড্ডায় সময় কাটান। তবে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সময় পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লার বাসিন্দাদের কাছে মুহূর্তটি ছিল অন্যরকম।

সন্ধ্যার আকাশে চাঁদের সঙ্গে শুক্র গ্রহকে খুব কাছাকাছি অবস্থানে দেখা যায়। দুটিকে এত কাছাকাছি মনে হচ্ছিল যে, প্রথম দেখায় অনেকের কাছেই মনে হয় যেন চাঁদ থেকেই আলো বের হচ্ছে।

Advertisement

আকাশে হঠাৎ এমন দৃষ্টিনন্দন দৃশ্য দেখে অনেকেই হাতের কাজ থামিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকেন। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ আগ্রহ নিয়ে চাঁদ ও শুক্র গ্রহের এই দৃশ্য উপভোগ করেন।

কেউ কেউ এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে মুঠোফোন বের করে ছবি ও ভিডিও ধারণ করেন। মুহূর্তটি স্মরণীয় করে রাখতে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব ছবি ও ভিডিও প্রকাশ করেন।

চাঁদ ও শুক্র গ্রহের এমন কাছাকাছি অবস্থান আকাশপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে বরাবরই কৌতূহল তৈরি করে। পৃথিবী থেকে দেখার দৃষ্টিকোণের কারণে আকাশে দুটি মহাজাগতিক বস্তুকে কাছাকাছি মনে হলেও বাস্তবে তাদের মধ্যে রয়েছে বিপুল দূরত্ব।

চাটমোহরের বালুচর মহল্লার বাসিন্দাদের কাছে সোমবার সন্ধ্যার এই আকাশের দৃশ্য তাই হয়ে ওঠে ব্যস্ততার মাঝে এক অনন্য মুহূর্ত। হঠাৎ দেখা পাওয়া চাঁদ-শুক্রের এই মুগ্ধকর দৃশ্য উপভোগ করে আনন্দ পান স্থানীয়রা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!