ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

আবারও বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৩, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ল স্বর্ণের দাম
সংগৃহীত ছবি

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। কয়েক দফা কমার পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি হলমার্ক করা স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

শনিবার (১২ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়। ওই দিন সকাল ১০টা থেকেই নতুন মূল্য কার্যকর হয়েছে। ফলে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নির্ধারিত এই দামেই স্বর্ণ বিক্রি হবে।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের হলমার্ক করা স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বাড়ার কারণে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন করে স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে।

এদিকে অলংকার তৈরির ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই মূল্য কার্যকর থাকবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!