ঢাকা,  শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ

আট দফা এক দফায় রূপ নিতে পারে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৩, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আট দফা এক দফায় রূপ নিতে পারে: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

১১ দলীয় ঐক্যের আট দফা দাবি যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে বলে সরকারকে সতর্ক করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, পরিস্থিতি ও জাতির প্রয়োজনে বিরোধী দলের আট, নয় বা দশ দফা যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু হয়।

Advertisement

শফিকুর রহমান বলেন, বিরোধী দলের আট দফা এক দফায় পরিণত হলে পরিস্থিতি গুরুতর হয়ে উঠতে পারে। এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগে সরকারকে সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দাবি মেনে নিতে ব্যর্থ হলে কোনো ধরনের হুমকি বা চাপ দিয়ে বিরোধী দলকে দমিয়ে রাখা যাবে না। জনগণের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান তিনি।

জামায়াত আমির আরও বলেন, চট্টগ্রামমুখী লংমার্চ সফল হওয়ায় অনেকে হতাশ হয়ে উত্তেজিত হয়ে পড়েছেন। গত দুই দিনে রাজধানীতে এর কিছু লক্ষণ দেখা গেছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি সংশ্লিষ্টদের হতাশ না হয়ে জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

বিরোধী দল কোনো দলীয় স্বার্থে আন্দোলনে নামেনি দাবি করে শফিকুর রহমান বলেন, তারা ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, লংমার্চকে ঘিরে দেশব্যাপী ব্যাপক সাড়া তৈরি হয়েছে। তিনি জানান, বিরোধী দলের এই কর্মসূচি শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে।

এর আগে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন দাবি সামনে আনা হয়। চট্টগ্রামমুখী আগের লংমার্চের ছয় দফার সঙ্গে পরবর্তী সময়ে দুর্নীতি ও দখলবাজি বন্ধের দাবি যুক্ত হয়।

উদ্বোধনী সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেন।

এ ছাড়া জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান (মিলন), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আবদুল কাইয়ুম সুবহানী, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!