ঢাকা,  শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

জাকসুর ম্যাগাজিন ‘ছত্রিশে তেত্রিশ’ এর মোড়ক উন্মোচন

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৪, ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর ম্যাগাজিন ‘ছত্রিশে তেত্রিশ’ এর মোড়ক উন্মোচন
জাকসুর ম্যাগাজিন ‘ছত্রিশে তেত্রিশ’-এর মোড়ক উন্মোচন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) প্রকাশিত ম্যাগাজিন ‘ছত্রিশে তেত্রিশ’- এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের জাকসু ভবনে আয়োজিত অনুষ্ঠানে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

Advertisement

এসময় তিনি বলেন, ‘ছত্রিশে তেত্রিশ’ ম্যাগাজিনটি আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্য ও সৃজনশীল লেখকদের লেখায় সমৃদ্ধ হয়েছে। বিশেষ করে ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেখানে নতুন প্রজন্মের অঙ্গীকার, প্রত্যাশা ও গণপ্রত্যাশার বিষয়গুলো এতে ফুটে উঠেছে।শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের ভাবনা, অতৃপ্তি ও প্রত্যাশাগুলো যারা নীতি নির্ধারণ করেন, তাদের কাছে পৌঁছে দিতে হবে। গণমাধ্যমেরও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ম্যাগাজিনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রাণের কথাগুলো নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি ।

তিনি আরও বলেন, একটি সরকার, দেশ ও জাতি তখনই শক্ত অবস্থান অর্জন করে, যখন গণপ্রত্যাশা তাদের কর্মের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। কোনো সরকারই শেষ সরকার নয়। ইতিবাচক অঙ্গীকার ও সদিচ্ছা অনেক পরিবর্তন আনতে পারে। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য আমাদের সবাইকে ইতিবাচকভাবে কাজ করতে হবে।

জাকসুর কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, গত এক বছরে জাকসুর ভিপি, জিএসসহ বিভিন্ন সম্পাদক ও প্রতিনিধিদের মধ্যে কে বেশি কাজ করতে পারে, তা নিয়ে এক ধরনের ইতিবাচক প্রতিযোগিতা দেখেছি। জাকসুর এই কর্মব্যস্ততা ও শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সহযোগিতা বিশ্ববিদ্যালয় তাদের অনুপস্থিতিতে আরও বেশি অনুভব করবে। তাই গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান রাখতে সংশ্লিষ্ট সবাইকে ইতিবাচক চিন্তা করার আহ্বান জানাই।

জাকসুর নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, এটি একটি প্রশিক্ষণ। প্রশিক্ষণ কিছুদিন বিরতি দিলে তা ধরে রাখা যায় না, নিয়মিত চর্চায় রাখতে হয়। আপনারা যেভাবে মানুষের ও বন্ধুদের জন্য কাজ করছেন, ভবিষ্যতেও মানুষের উপকারে দাঁড়াবেন। এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে মানুষের পাশে থাকবেন।

সেই সাথে অভিভাবক হিসেবে তিনি, জাকসুর নেতৃবৃন্দের সফল, কার্যকর ও সুন্দর জীবন কামনা করেন। 

জাকসুর প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি বলেন, ম্যাগাজিনটির নাম ‘৩৬ এ তেত্রিশ ’। ২০২৪ সালের ৩৬ জুলাইয়ের চেতনা এবং ৩৩ বছর পর জাকসু ফিরে পাওয়ার বিষয়টিকে প্রতিফলিত করতেই এ নামকরণ করা হয়েছে।

তিনি বলেন, ‘৩৩ বছর পর পাওয়া আমাদের শিক্ষার্থীদের অধিকার, সে অধিকার রক্ষার একমাত্র বৈধ স্টেকহোল্ডার আমাদের জাকসু। আমরা সে জাকসুকে রিফ্লেক্ট করে আমাদের এই ম্যাগাজিনের নাম ‘৩৬ এ তেত্রিশ’ রেখেছি।’

এ সময় জাকসুর ভিপি ,জিএস, এজিএস সহ বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ//একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!