রাজ-মিমি, শুভশ্রী একযুগ পর একসঙ্গে ‘সুপার হ্যাপি’
বিনোদন ভুবনে পশ্চিমবঙ্গের সবচেয়ে চর্চিত একটি অধ্যায় হলো রাজ ও মিমির অতীতের প্রেম-রোমান্স। টালিপাড়ার বহুলচর্চিত সেই অধ্যায়ে টুইস্ট যোগ হয় শুভশ্রীর আগমন। পরিচালক রাজের সঙ্গে শুভশ্রীর বিয়ের পরও মিমিকে নিয়ে নানা সময়ে নানা কথা চাউর হতে থাকে।
সে কারণে দীর্ঘদিন কিছুটা দূরত্ব বজায় রাখেন একে অন্যের কাছ থেকে। অবশেষে দীর্ঘ এক যুগ পর আবারও পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাদের সর্বশেষ কাজ ছিল ‘কাটমুণ্ডু’ সিনেমাটি। এরপর ব্যক্তিগত জীবনের সমীকরণে অনেক বদল এলেও পেশাদার সম্পর্কের খাতিরে তারা আবারও জুটি বাঁধছেন। তাদের নতুন এই থ্রিলার ঘরানার প্রজেক্টের নাম রাখা হয়েছে ‘তাণ্ডব’।
.png)
সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে ‘তাণ্ডব’ লেখা ক্ল্যাপবোর্ড হাতে একটি লুক প্রকাশ করে ছবির ঘোষণা দেন মিমি। সবুজ কুর্তিতে তার রহস্যময় চোখ ও ভ্রুর চাহনি ভক্তদের নজর কেড়েছে। তবে বিস্তারিত কিছু না জানিয়ে তিনি ক্যাপশনে কেবল হ্যাশট্যাগ ‘#Tandav’ ব্যবহার করেছেন।
মিমির এই পোস্টে মন্তব্য করে সবাইকে চমকে দিয়েছেন পরিচালকপত্নী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। কমেন্ট বক্সে তিনি লিখেছেন, ‘সুপার হ্যাপি’। রাজ ও মিমির অতীতের ব্যক্তিগত সম্পর্কের ইতিহাস এবং টালিপাড়ার বহুলচর্চিত সেই অধ্যায় পেরিয়ে শুভশ্রীর এই স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।
সব পুরোনো আলোচনা পেছনে ফেলে ‘তাণ্ডব’ সিনেমায় মিমিকে একবারে নতুন অবতারে দেখা যাবে। সূত্রের খবর, এই থ্রিলার ছবিতে তাকে অ্যাকশন দৃশ্যেও দেখা যেতে পারে। এর আগে ‘কুইন্স’ বা ‘ডাইনি’র মতো ভিন্নধর্মী চরিত্রে নজরকাড়া মিমিকে নতুন এই প্রজেক্টে কেমন লুকে দেখা যাবে, তা নিয়ে ভক্তদের কৌতূহল তুঙ্গে। ছবির গল্প বা মুক্তির তারিখ এখনো প্রকাশ না পেলেও, মিমির ঘোষণা ও শুভশ্রীর ইতিবাচক মন্তব্যে ছবিটি নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে।
উল্লেখ্য, অতীতে রাজ-মিমির সম্পর্ক থাকলেও ২০১৮ সালে রাজের সঙ্গে শুভশ্রীর বিয়ে হয়। পরবর্তী সময়ে মিমির সঙ্গে তাদের সৌজন্যের সম্পর্ক গড়ে ওঠে এবং রাজ-শুভশ্রীর সন্তানদের জন্য মিমি উপহার পাঠানোর ঘটনাও সামনে এসেছিল।