ঢাকা,  শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

চলচ্চিত্র পরিচালকরা সোহেল রানাকে আজীবন সম্মাননা দিলেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:২০, ১৮ সেপ্টেম্বর ২০২৬
চলচ্চিত্র পরিচালকরা সোহেল রানাকে আজীবন সম্মাননা দিলেন
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রে দীর্ঘ পথচলার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য সম্মাননা পেয়েছেন চিত্রনায়ক সোহেল রানা। বুধবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন- এফডিসিতে আয়োজিত ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশের চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে অবদান রাখা নির্মাতা, প্রযোজক ও শিল্পীদের সম্মান জানানো হয়। এরই ধারাবাহিকতায় চলচ্চিত্রের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং অবদানের স্বীকৃতি হিসেবে সোহেল রানাকে আজীবন সদস্য সম্মাননায় ভূষিত করে পরিচালক সমিতি।

Advertisement

অভিনেতা হিসেবে দেশের চলচ্চিত্রে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন সোহেল রানা। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও যুক্ত ছিলেন তিনি। দেশের চলচ্চিত্রের নানা সময়ের গুরুত্বপূর্ণ পরিবর্তনের সঙ্গে যুক্ত থাকা এই গুণী শিল্পী চলচ্চিত্র পরিচালক সমিতির সঙ্গেও দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। সেই পথচলার স্বীকৃতিই উঠে আসে এবারের আয়োজনে।

সোহেল রানা ছাড়াও চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদানের জন্য সম্মাননা পেয়েছেন পরিচালক কাজী হায়াৎ, মতিন রহমান, দেলোয়ার জাহান ঝন্টু, আবু মুসা দেবু, মহিউদ্দিন শাকের, আবুল খায়ের বুলবুল ও আওকাত হোসেন। এ ছাড়া ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকেও সম্মাননা দেওয়া হয়।

গুণীজনদের সম্মাননা জানানোর এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পী ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন বলেন, ‘দেশের অনেক গুণী নির্মাতা ও শিল্পী তাদের কাজের মাধ্যমে চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন। তাদের অনেকের সঙ্গেই বর্তমান প্রজন্মের যোগাযোগ কমে গেছে। অথচ চলচ্চিত্রের ইতিহাসে তাদের অবদান গুরুত্বপূর্ণ। সেই অবদানকে স্মরণ ও স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।’

সমিতির মহাসচিব শাহীন কবির টুটুল বলেন, ‘দেশের চলচ্চিত্রকে সমৃদ্ধ করা অনেক গুণীজন হয়তো জাতীয়ভাবে যথাযথ স্বীকৃতি পাননি। তাদের সম্মান জানাতেই পরিচালক সমিতির পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

প্রতি বছর ৩ আগস্ট ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ পালনের চেষ্টা থাকবে বলেও জানান তিনি। কারণ, এই দিনে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক বাংলা চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ মুক্তি পেয়েছিল।

 

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!