জ্যোতিষীর পরামর্শ মানতে গিয়ে জিহ্বা হারালেন চাষি!
রোজ স্বপ্ন দেখতেন চন্দ্রবোড়া সাপ জিভে ছোবল মারছে। আর তখনই ঘুম ভেঙে ধড়মড় করে উঠে বসে পড়তেন ভারতের তামিলনাড়ু রাজ্যের এক চাষি। প্রতিদিন একই স্বপ্ন দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। অবশেষে এই সমস্যা দূর করতে তিনি শরণাপন্ন হন এক জ্যোতিষীর।
তার কাছে সব কথা খুলে বলেন চাষি। সব শোনার পর জ্যোতিষী তাকে জানান, এই সমস্যা দূর করতে একটা উপায় আছে। এরপরই তিনি চাষিকে পরামর্শ দেন, এলাকায় কোনও সর্পদেবীর মন্দির থাকলে সেখানে গিয়ে পুজোআর্চা এবং কিছু রীতিনীতি পালন করতে হবে। যে সাপের স্বপ্ন দেখেন, প্রয়োজনে সেই সাপের ছোবলও নিতে হবে জিভে। তা হলেই দোষমুক্ত হবেন।
জ্যোতিষীর পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করার জন্য সর্পদেবীর মন্দিরে পৌঁছান চাষি। পুজা করা শেষে সকলের নজর এড়িয়ে মন্দিরের পাশে সাপের গর্তের সামনে চলে যান। গর্তে চন্দ্রবোড়া সাপ ছিল। গর্তের মধ্যে জিহ্বা ঢুকিয়ে দিতেই সাপ পর পর তিন বার ছোবল মারে। ছোবল খেয়েই মাটিতে পড়ে যান চাষি।
আরো পড়ুন>> সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে রকেট হামলা
বিষয়টি নজরে যায় মন্দিরের পুরোহিতের। তখন তিনি ছুটে গিয়ে চাষিকে উদ্ধার করেন। বিষ যাতে সারা শরীরে ছড়িয়ে না পড়ে তৎক্ষণাৎ চাষির জিহ্বা কেটে দেন পুরোহিত। তার পর সেই অবস্থাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় চাষিকে।
চিকিৎসকরা জানিয়েছেন, বিষের কারণে চাষির জিহ্বার স্নায়ুগুলি অকেজো হয়ে গিয়েছে। তামিল নাড়ুর ইরোডের কোপিচেত্তিপালায়ামে ঘটা এ ঘটনায় জ্যোতিষীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া, আনন্দাবাজার