লুকিয়ে বাগদান সারলেন রণবীর-আলিয়া!
রণবীর কাপুর-আলিয়া ভাটের সম্পর্কের কথা এখন বি-টাউনের সকলেরই জানা। রণবীর-আলিয়া তাদের সম্পর্কের বিষয়টা নিয়ে প্রথম থেকেই খোলামেলা। তারা কেউই কখনো এ বিষয়টি নিয়ে লুকোচুরি খেলেননি।
প্রেমের কথা স্বীকার করলেও কবে বাগদান সারবেন, কবে বিয়ে করবেন এ বিষয়টি বারবার এড়িয়ে গিয়েছেন আলিয়া, রণবীর দুজনেই। তবে তাদের বাগদান, বিয়ের খবর জানতে ভক্তদের আগ্রহের অন্ত নেই।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, রণবীর আলিয়া ইতোমধ্যেই বাগদান সেরে ফেলেছেন। আর এটা নাকি হয়েছে সুইৎজারল্যান্ডের সেন্ট মরিৎজ-এ। যেখানে বসেছিলো আম্বানি পুত্র আকাশ ও স্লোকে প্রাক-বিবাহ অনুষ্ঠান। সেখানে হাজির হয়েছিলেন রণবীর-আলিয়া দুজনেই।
আম্বানিদের অনুষ্ঠানের ফাঁকে সেখানে রণবীর-আলিয়াকে একান্তে সময় কাটাতেও দেখা গেছে। সেখানেই নাকি আলিয়ার হাতে আংটি পরিয়ে দেন রণবীর। সেখানে উপস্থিত বন্ধু-বান্ধবদের নিয়ে ছোটখাটো একটি পার্টিরও আয়োজন করেন তারা।
সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে গিয়ে রণবীরকে প্রকাশ্যে প্রেম নিবেদন করে বসেন। তাকে তার জীবনের অন্যতম মানুষ বলে উল্লেখ করেন আলিয়া। যাতে রণবীর কিছুটা লজ্জা পেয়ে যান।
ডেইলি বাংলাদেশ/টিএএস