ঢাবির পিএইচডিতে সুযোগ নেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে (জানুয়ারি-জুন) পিএইচ.ডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন আহ্বান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করা শিক্ষার্থীরা এই পিএইচ.ডি সুযোগ পাচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পিএইচ.ডি প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীকে এমফিল পাশ অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি স্নাতক সম্মান ও ১ বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি অথবা ৩ বছর মেয়াদি স্নাতক সম্মান ও ১ বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রির অধিকারী হতে হবে। প্রার্থীদের সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।
.png)
CGPA নিয়মে মাধ্যমিক/সমমান থেকে স্নাতক/স্নাতকোত্তর পর্যন্ত সব পরীক্ষায় CGPA ৫-এর মধ্যে ৩.৫ অথবা CGPA ৪-এর মধ্যে ৩ থাকতে হবে। প্রার্থীদের স্বীকৃতমানের জার্নালে প্রকাশিত কমপক্ষে দুইটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে। কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও বিজনেস স্টাডিজ অনুষদের ক্ষেত্রে অন্তত একটি গবেষণা প্রকাশনা একক নামে হতে হবে।
এছাড়া তিন বছর মেয়াদি স্নাতক সম্মান এবং এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি ধারী প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক পর্যায়ে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। অথবা কোনো স্বীকৃতমানের গবেষণা প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের গবেষণা সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কমপক্ষে ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বিভাগীয় অ্যাকাডেমিক কমিটি এবং অনুষদের পিএইচডি উপ-কমিটির সুপারিশক্রমে অন্য বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদভুক্ত বিভাগসমূহে ভর্তি হতে পারবেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৪ ক্রেডিটের একটি কোর্স ওয়ার্ক থাকবে।
প্রসঙ্গত, দেশের কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে সরাসরি ভর্তি হতে পারবেন না। পিএইচডি প্রোগ্রামে ভর্তির আগে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল প্রোগ্রামে ভর্তি হতে হবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রিধারীদের আবেদনপত্র সংগ্রহের পূর্বে অর্জিত ডিগ্রির সমতা নিরূপণের জন্য সংশ্লিষ্ট কমিটির কাছে আবেদন করতে হবে। এ ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য এমফিল-পিএইচডি শাখায় যোগাযোগ করা যাবে।