এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
.png)
সূত্র জানায়, পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল জানতে পারছে। পাশাপাশি পর্যায়ক্রমে আবেদনকারী শিক্ষার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হবে।
তবে পুনর্নিরীক্ষণে মোট কত শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তা এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, শিগগিরই পুনর্নিরীক্ষণের ফলাফলের সারসংক্ষেপ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানিয়েছে, পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীরা তিনভাবে ফল জানতে পারবে।
প্রথমত, নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফল দেখা যাবে। দ্বিতীয়ত, সব শিক্ষা বোর্ডের ফলাফল একটি ওয়েবসাইটে পাওয়া যাবে। এ জন্য শিক্ষার্থীদের rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
তৃতীয়ত, পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।
দেশের ১১টি শিক্ষা বোর্ডের সমন্বয়ে গঠিত বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এ তথ্য জানিয়েছে।