ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চবিতে তাসাউফের গুরুত্ব তুলে ধরলেন আল-আজহারের অধ্যাপক

চবি প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫১, ৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে তাসাউফের গুরুত্ব তুলে ধরলেন আল-আজহারের অধ্যাপক
ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী স্মারক বক্তৃতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এতে ইসলামের ইতিহাস, সংস্কৃতি, তাসাউফ ও সুফিবাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দেশ-বিদেশের বক্তারা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (DIRI) যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টি অডিটোরিয়ামে এ স্মারক বক্তৃতার আয়োজন করা হয়।

Advertisement

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোরশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

তাসাউফ নিয়ে আল-আজহারের অধ্যাপকের বক্তব্য

‘The Position of Al-Azhar Sharif on Sufism’ শীর্ষক বিষয়ে বক্তব্য দেন মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ইসলামিক দাওয়াহর সাবেক ডিন এবং ডিপার্টমেন্ট অব রিলিজিয়ন অ্যান্ড ডকট্রিনের অধ্যাপক ড. জামাল ফারুক জিব্রিল মাহমুদ।

তিনি বলেন, হাদিসে জিব্রিলের দৃষ্টিকোণ থেকে তাসাউফ ধর্মের এক-তৃতীয়াংশ; বরং এটি পুরো দীনের প্রধান কেন্দ্র। তাসাউফ বলতে বেদাত, অজ্ঞতা বা কুসংস্কারের সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয়কে বোঝানো হয় না।

প্রকৃত তাসাউফের অর্থ উত্তম আখলাক, উন্নত চরিত্র এবং মহান আল্লাহর সঙ্গে সৃষ্টির গভীর সম্পর্ক—এমন মন্তব্য করে তিনি বলেন, তাসাউফ যেহেতু ধর্মের মূল কেন্দ্র, তাই এটিকে অস্বীকার করা মূলত পুরো ধর্মীয় বিষয়কেই অস্বীকার করার শামিল।

তিনি আরও বলেন, মানুষের মধ্যে ভুল, ত্রুটি ও সীমাবদ্ধতা থাকাটাই স্বাভাবিক। কেউই ভুলের ঊর্ধ্বে নন। আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করে তাদের মধ্য থেকেই রাসুল পাঠিয়েছেন। রাসুলের দায়িত্বের অন্যতম অংশ ছিল কোরআন তেলাওয়াত করে শোনানো, দ্বীনের শিক্ষা দেওয়া এবং ‘তাসকিয়া’ বা আত্মশুদ্ধির মাধ্যমে মানুষের অন্তরের ত্রুটি-বিচ্যুতি দূর করা।

অনুষ্ঠানে অধ্যাপক ড. জামাল ফারুক জিব্রিল মাহমুদের অনুবাদক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয়ের অধীনে ধর্মীয় বিভাগের প্রধান মু. মহিউদ্দিন।

সুফি সংগীতের গুরুত্ব তুলে ধরেন বাহরাইনের অ্যাটর্নি জেনারেল

বাহরাইন সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল ড. ইব্রাহিম আল শেখ রশিদ আল মুরাইখি বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করে জ্ঞান ও তথ্য অর্জনের জন্য বিভিন্ন অনুভূতি ও ইন্দ্রিয় দিয়েছেন। এর মধ্যে কান ও চোখ গুরুত্বপূর্ণ মাধ্যম। এসবের মাধ্যমে মানুষ যে বিষয়গুলো শোনে ও দেখে, তা তার অন্তরে গভীর প্রভাব ফেলে।

তিনি বলেন, মানুষের অন্তর খোদাপ্রদত্ত ঐশী আলোর প্রতিফলন ঘটানোর একটি মাধ্যম। সেই অন্তরকে পরিচ্ছন্ন রাখতে না পারলে সেখানে ঐশী আলোর প্রতিফলন ঘটবে না।

সুফি সংগীত ও এরশাদকে অন্তরকে আধ্যাত্মিকভাবে পরিশুদ্ধ রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম উল্লেখ করে তিনি বলেন, সুফিয়ায়ে কেরাম মানুষের অন্তর পরিশোধন, সুন্দর চরিত্র গঠন এবং মানবিকতার বিকাশের লক্ষ্যেই ‘সামা’র প্রবর্তন করেছিলেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ.এস.এম. বোরহান উদ্দীন। স্বাগত বক্তব্য দেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (DIRI) চেয়ারম্যান ও ম্যানেজিং ট্রাস্টি শাহজাদা সৈয়দ ইরফানুল হক।

দুই শিক্ষার্থী পেলেন মাইজভাণ্ডারী স্মৃতি বৃত্তি

স্মারক বক্তৃতা অনুষ্ঠানে হযরত সৈয়দ দেলোয়ার হোসাইন মাইজভাণ্ডারী (ক.) স্মৃতি বৃত্তিও প্রদান করা হয়। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দুই কৃতি শিক্ষার্থী জান্নাতুল মাওয়া ইশা এবং দিলরুবা গুলশান ভূঁঞা এ বৃত্তি লাভ করেন।

স্মারক বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক এবং আলেম-উলামারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!