ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নিরাপত্তাঝুঁকিতে চবির সুইমিংপুল

চবি প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৩, ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিরাপত্তাঝুঁকিতে চবির সুইমিংপুল
ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হল ও শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর হলের মাঝামাঝি এলাকার সুইমিংপুল ও আশপাশের পরিবেশ নিয়ে নানা সমস্যা দেখা দিয়েছে। সুইমিংপুলের পানি ঘোলা ও অপরিচ্ছন্ন। পাড়জুড়ে ছড়িয়ে পড়েছে অতিরিক্ত আগাছা। পাশাপাশি পাড়ের সীমানা কাঠামো থেকে লোহার রড বের হয়ে থাকায় শিক্ষার্থী ও পথচারীদের জন্য তৈরি হয়েছে নিরাপত্তাঝুঁকি।

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক এবং সহ-সম্পাদকের উদ্যোগে ওই সুইমিংপুলে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এমন অনিরাপদ ও অপরিচ্ছন্ন পরিবেশে সাঁতার প্রশিক্ষণের আয়োজন কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন উঠেছে।

Advertisement

শহীদ ফরহাদ হোসেন হলের শিক্ষার্থী রাফি বলেন, ‘আমরা সুইমিংপুলে গোসল করতে পারি না। পানি ঘোলাটে, পাড়ের পাশে আগাছা রয়েছে। এ ছাড়া সুইমিংপুলে নামার জন্য কোনো সিঁড়িও নেই। এসব সমস্যা সংস্কার করা হলে আমাদের জন্য ভালো হবে।’

এ বিষয়ে চাকসুর খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন বলেন, ‘সাঁতার শুরু করার আগে আমরা এটি কাটতে চেয়েছিলাম। কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। এখন আমরা চেষ্টা করব রডটি বাঁকিয়ে দেওয়া যায় কি না, যাতে কোনো ধরনের ঝুঁকি না থাকে।’

তিনি আরও জানান, কিছুদিনের মধ্যেই সুইমিংপুলের সংস্কারকাজ শুরু হবে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!