জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
.png)
কর্মশালায় সাংবাদিকতার মৌলিক ধারণা, সংবাদ সংগ্রহ ও লেখার কৌশল, সাক্ষাৎকার গ্রহণ, তথ্য যাচাই, সাংবাদিকতার নীতি-নৈতিকতা এবং গণমাধ্যমে কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একাত্তর টেলিভিশনের সিওও ও হেড অব নিউজ শফিক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) ডেপুটি এডিটর আব্দুর রহমান জাহাঙ্গীর এবং দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার কামরুল হাসান।
প্রধান আলোচকের বক্তব্যে শফিক আহমেদ বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, বরং এটি নিয়মিত শেখার একটি প্রক্রিয়া। সাংবাদিকতায় সফল হতে হলে চ্যালেঞ্জ গ্রহণের পাশাপাশি প্রতিনিয়ত জ্ঞান ও দক্ষতা বাড়াতে হবে। ভুল থেকে শিক্ষা নিয়ে এবং অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়েই একজন সাংবাদিক পরিণত হন।
বর্তমানে মিসইনফরমেশন, ডিজইনফরমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক সাংবাদিকতার জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয়ে সাংবাদিকদের যথেষ্ট ধারণা থাকা প্রয়োজন। কোনো তথ্য প্রকাশের আগে সেটির সত্যতা যাচাই করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শফিক আহমেদ আরও বলেন, সাংবাদিকদের শুধু ক্যাম্পাসের খবরের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। অর্থনীতি, ব্যাংক, শেয়ারবাজার, রাজস্ব ও যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। একজন সাংবাদিক যত বেশি বিষয়ে ধারণা রাখবেন, তার কাজ তত বেশি সমৃদ্ধ হবে।
সাংবাদিকতা ক্ষমতা প্রদর্শনের মাধ্যম নয় উল্লেখ করে তিনি বলেন, কোনো ক্ষমতাবান ব্যক্তি অনাচার করলে সাংবাদিকের দায়িত্ব তাকে প্রশ্ন করা। তবে শুধু মোবাইল হাতে নিয়ে কাউকে প্রশ্ন করলেই সাংবাদিকতা হয় না। তথ্য, যুক্তি, অনুসন্ধান ও বস্তুনিষ্ঠতাই সাংবাদিকতার মূল ভিত্তি।
তিনি আরও বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের চেয়ে নিরপেক্ষতা বেশি গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা করতে হবে। এতে সাংবাদিকতার প্রতি মানুষের আস্থা ও সম্মান আরও বাড়বে।
বিশেষ অতিথি ইউএনবির ডেপুটি এডিটর আব্দুর রহমান জাহাঙ্গীর বলেন, সাংবাদিকতায় আসার আগে প্রত্যেকের নিজেকে প্রশ্ন করা উচিত—কেন তিনি সাংবাদিক হতে চান। সাংবাদিকের হাতে তথ্য ও প্রশ্ন করার ক্ষমতা থাকলেও এর সঙ্গে বড় দায়িত্বও রয়েছে। ব্যক্তিস্বার্থে সেই ক্ষমতা ব্যবহার করলে তা ক্ষমতার অপব্যবহারে পরিণত হয়।
ক্যাম্পাস সাংবাদিকতার মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সেবা করা হওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, জাতীয় পর্যায়ে সাংবাদিকতা করতে হলে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা থাকতে হবে।
তিনি বলেন, একটি ঘটনা যেভাবে ঘটেছে, কোনো ধরনের বিকৃতি ছাড়াই সেভাবে তুলে ধরা সাংবাদিকতার অন্যতম প্রধান দায়িত্ব। এজন্য সাংবাদিকদের সংবাদ লেখার মৌলিক বিষয়গুলো ভালোভাবে জানতে হবে।
সংবাদ লেখার কৌশল তুলে ধরে আব্দুর রহমান জাহাঙ্গীর বলেন, একটি সংবাদে শুরুতেই ঘটনার মূল সারাংশ তুলে ধরতে হয়। সেই সারাংশ থেকেই ইন্ট্রো ও হেডলাইন তৈরি করা হয়। হার্ড নিউজ লেখার ক্ষেত্রে ইনভার্টেড পিরামিড কাঠামো অনুসরণ করে প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিতে হয়।
দিনব্যাপী কর্মশালায় সাংবাদিকতার পেশাগত দায়িত্ব, সংবাদমূল্য নির্ধারণ, তথ্য যাচাই, সংবাদ লেখার কাঠামো এবং ক্যাম্পাস সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন আলোচকরা। কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা সাংবাদিকতার বাস্তবধর্মী বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন।