ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ডেইলি বাংলাদেশে সংবাদ প্রকাশের পর চবিতে ১১টি ফ্রিজের ঘোষণা

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৬, ১০ সেপ্টেম্বর ২০২৬
ডেইলি বাংলাদেশে সংবাদ প্রকাশের পর চবিতে ১১টি  ফ্রিজের ঘোষণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি।

ডেইলি বাংলাদেশে সংবাদ প্রকাশের পর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলগুলোতে আরও ১১টি ডিপ ফ্রিজ দেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি।


ভিপির আপ্যায়ন, চা-নাস্তা, যাতায়াত ও আনুষঙ্গিক খাতে বরাদ্দ করা ৪ লাখ টাকা শিক্ষার্থীদের কল্যাণে ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ওই অর্থ দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হল ও হোস্টেলের জন্য মোট ১১টি ডিপ ফ্রিজ কেনা হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন চাকসু ভিপি।

Advertisement



পোস্টে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ৯টি ছাত্র হল, একটি হোস্টেল এবং সূর্যসেন হলের ছাত্রী ব্লকসহ মোট ১১টি আবাসিক ইউনিটে দীর্ঘদিন ধরে ডিপ ফ্রিজের সংকট রয়েছে। ফলে বাড়ি থেকে খাবার নিয়ে আসা শিক্ষার্থীরা তা সংরক্ষণ করতে পারছেন না। অনেক ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় খাবার নষ্ট হয়ে যায়। এতে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়ছেন আবাসিক শিক্ষার্থীরা।

ইব্রাহিম হোসেন রনি বলেন, আপ্যায়ন, চা-নাস্তা, যাতায়াতসহ আনুষঙ্গিক খাতে বরাদ্দ করা ৪ লাখ টাকা থেকে তিনি ব্যক্তিগতভাবে কোনো অর্থ ব্যয় করেননি। পুরো অর্থই জমা রয়েছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রয়োজন মেটাতে সেই অর্থ দিয়ে ডিপ ফ্রিজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, “আপ্যায়ন, চা-নাস্তা, যাতায়াতসহ আনুষঙ্গিক খাতে বরাদ্দকৃত অর্থ থেকে আমি ব্যক্তিগতভাবে কোনো টাকা ব্যয় করিনি। পুরো অর্থই জমা রয়েছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি প্রয়োজন পূরণে এ অর্থ ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ ভরসা।”

এর আগে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ডিপ ফ্রিজ সংকট নিয়ে ডেইলি বাংলাদেশে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর শিক্ষার্থীদের এ দীর্ঘদিনের সমস্যা সমাধানে নতুন করে উদ্যোগ নিলেন চাকসু ভিপি।

ভিপির ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের মতে, ১১টি আবাসিক ইউনিটে ডিপ ফ্রিজ স্থাপন করা হলে খাবার সংরক্ষণের সমস্যা অনেকটাই কমবে এবং দীর্ঘদিনের ভোগান্তি থেকে শিক্ষার্থীরা স্বস্তি পাবেন।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!