ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

৮৯তম জন্মদিনেই মারা গেলেন চুভালো

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:১৩, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৮৯তম জন্মদিনেই মারা গেলেন চুভালো
জর্জ চুভালো (১২ সেপ্টেম্বর ১৯৩৭—১২ সেপ্টেম্বর ২০২৬)। ছবি : সংগৃহীত

কানাডার কিংবদন্তি বক্সার জর্জ চুভালো মারা গেছেন। গত ১২ সেপ্টেম্বর নিজের ৮৯তম জন্মদিনেই টরন্টোয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘ পেশাদার ক্যারিয়ারে প্রায় ১০০টি লড়াই করলেও কখনো প্রতিপক্ষের ঘুষিতে রিংয়ে পড়ে যাননি চুভালো। অদম্য সাহস ও অসাধারণ সহনশীলতার জন্য বক্সিং বিশ্বে তিনি ছিলেন বিশেষভাবে পরিচিত।

Advertisement

কিংবদন্তি বক্সার মুহাম্মদ আলীর সঙ্গে দুবার লড়াই করায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি পরিচিতি পান জর্জ চুভালো। ১৯৬৬ সালে টরন্টোর ম্যাপল লিফ গার্ডেনে প্রথমবার আলীর মুখোমুখি হন তিনি। ১৫ রাউন্ডের সেই লড়াইয়ে হারলেও তার দৃঢ়তা ও সাহসের প্রশংসা করেছিলেন আলী।

ছয় বছর পর দ্বিতীয়বারও মুহাম্মদ আলীর বিপক্ষে রিংয়ে নামেন চুভালো। সেই লড়াইয়ে ১২ রাউন্ড শেষে পরাজিত হন কানাডিয়ান এই হেভিওয়েট বক্সার।

১৯৫৬ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত পেশাদার ক্যারিয়ারে ৯৩টি লড়াই করেন জর্জ চুভালো। এর মধ্যে ৭৩টিতে জয়, ১৮টিতে হার এবং দুটি লড়াই ড্র হয়। তার ৭৩ জয়ের মধ্যে ৬৪টিই ছিল নকআউটে।

পাঁচবারের কানাডিয়ান হেভিওয়েট চ্যাম্পিয়ন চুভালো ক্যারিয়ারে জো ফ্রেজিয়ার, জর্জ ফোরম্যান ও ফ্লয়েড প্যাটারসনের মতো কিংবদন্তি বক্সারদের বিপক্ষেও লড়েছেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছে বিশ্ব বক্সিং কাউন্সিল (ডব্লিউবিসি)। সংস্থাটি তাকে কানাডার সর্বকালের অন্যতম সেরা যোদ্ধা হিসেবে উল্লেখ করে তার অদম্য সাহস ও ‘লোহার চোয়াল’-এর জন্য শ্রদ্ধা জানিয়েছে।

১৯৯০ সালে কানাডার স্পোর্টস হল অব ফেম এবং ১৯৯৭ সালে ওয়ার্ল্ড বক্সিং হল অব ফেমে জায়গা পান জর্জ চুভালো। পরে ১৯৯৮ সালে তাকে কানাডার অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ‘অর্ডার অব কানাডা’ প্রদান করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!