গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম হাতের মুঠোয়
গণ বিশ্ববিদ্যালয়ের ৩২ একর প্রাণবন্ত থাকে বছরজুড়ে। যদিও প্রকৃতির মাঝে গড়ে তোলা বিশাল খোলামেলা সেই ক্যাম্পাস এখন জনশূন্য। করোনা-আতঙ্কে ক্লাসরুম ছেড়ে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি এখন শুধুই মুঠোফোন কিংবা কম্পিউটারের পর্দায়।
পুরো ক্যাম্পাসটাই যেন এখন অনলাইনে স্থানান্তরিত হয়ে গেছে। ক্লাস-পরীক্ষা সবই চলছে সেখানে। একটি সেমিস্টার ফাইনাল পরীক্ষাও সম্পন্ন করেছে অনলাইনে৷ চলতি সেমিস্টারের একাডেমিক পাঠদান চলছে নিয়মিত।
ক্লাস ও পরীক্ষার মূল্যায়নের ক্ষেত্রে স্বচ্ছতার জন্য একাধিক প্রক্রিয়া অবলম্বন করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকেরা। লিখিত অ্যাসাইনমেন্টের পাশাপাশি প্রতিটি কোর্সেই শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষাও নিচ্ছেন তারা।
.png)
বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. কৃষ্ণা ভদ্র। তিনি বলেন, অনলাইন ক্যাম্পাস; আর ছাত্র-ছাত্রী মুখরিত মূল ক্যাম্পাস (পড়ালেখা-পরিবেশ) এক নয়। অনলাইন ক্যাম্পাসে শিক্ষার্থীদের সহযোগিতাই মুখ্য। অনেক বাধা বিপত্তির পরও অনলাইন পড়ালেখা শিক্ষক ও শিক্ষার্থী মধ্যে নিবিড় বন্ধন তৈরি হচ্ছে। সরাসরি ক্লাসে যে আনন্দ উপভোগ করা হয়, অনলাইনে ক্লাসে প্রাণের ঘাটতি থেকেই যাচ্ছে।
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগের শিক্ষার্থী সানজিদা আফরিন। শেষ বর্ষের এই শিক্ষার্থী বলেন, আমার জন্য পিডিএফ দেখে পড়ার চেয়ে বই হাতে নিয়ে পড়া বেশি স্বাচ্ছন্দ্য লাগে। অনলাইন জীবন আমার জন্য সুখকর ছিল না! না লেখাপড়ার জন্য না আড্ডার জন্য। শেষ বর্ষে এসে এভাবে ক্যাম্পাসকে বিদায় দিতে হবে এটা মেনে নিতে অনেক বেশি কষ্ট হয়। শিক্ষকেরা পুরোপুরি চেষ্টা করছেন—আমাদের কোর্সগুলো যেন ভালোভাবে সম্পন্ন হয়।
শিক্ষার্থীদের ক্লাসের বাইরের জগৎ সম্পর্কে ধারণা দিতে গণ বিশ্ববিদ্যালয়ে মাসজুড়ে নানা বিষয়ভিত্তিক বিভিন্ন আলোচনা অনুষ্ঠান, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ উৎসব ইত্যাদি অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এখন ক্যাম্পাস বন্ধ থাকলেও সেই কার্যক্রমে একটুও ভাটা পড়েনি।
বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগ ও সংগঠনগুলো এসময়গুলোতে আয়োজন করছে সাংস্কৃতিক অনুষ্ঠান, তর্ক-বির্তক ও অনলাইন প্রতিযোগিতা। অলস সময়কে গতিশীল রাখতে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি আয়োজন করে ফেসবুক লাইভ অনুষ্ঠান ‘গবিসাস আলাপন’।
গবিসাসের সভাপতি মোহাম্মদ রনি খাঁ বলেন, অনলাইন শিক্ষা-কার্যক্রম আরও চমকপ্রদ করে তুলতেই এই আয়োজন করে গবিসাস। দেশের সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিই (গবিসাস) প্রথম কোনো সংগঠন হিসেবে এমন আয়োজন করে।
করোনাকালীন মানুষের মানসিক বিকাশ সাধনের লক্ষ্যে শুভসংঘ গণ বিশ্ববিদ্যালয় শাখা আয়োজন করে অনলাইন প্রতিযোগিতা ‘ঘরে বসে ছড়িয়ে দিন আপন প্রতিভা। চিত্রাঙ্কন, গান, কবিতা, আবৃত্তি, ছোটগল্প ও নৃত্য- ক্যাটাগরিতে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। সংগঠনের সভাপতি মো. সাকিবুল ইসলাম শুভ বলেন, আমরা শিক্ষাগত সার্টিফিকেটের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু মানসিকভাবে কতটুকু দক্ষ হচ্ছি, এটা চিন্তার বিষয়। এমন প্রোগ্রাম পরিচালনার ফলে অসংখ্য শিক্ষক ও শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহারে দক্ষ হয়েছে৷
অনলাইনে এগিয়ে এই বিদ্যাপীঠের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগ। বিভাগটি অনলাইনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা সম্পন্ন করে বেশ বাহবা পেয়েছে। বরণ ও বিদায় সংবর্ধনা উদযাপন করেছে উৎসবমুখর পরিবেশে। জাতীয় সংগীত পরিবেশন, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, আমন্ত্রিত অতিথিদের বরণ, বক্তব্য, নবীন শিক্ষার্থীদের পরিচিতি এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান, নৃত্য পরিবেশন, গান, কবিতা, কৌতুক, আলোকচিত্র প্রদর্শনী এসব কিছু-ই অনুষ্ঠিত অনলাইনে প্রযুক্তিতে।
ফার্মেসি বিভাগের ৫ম সেমিস্টারে শিক্ষার্থী শাহনেওয়াজ আরিফ বলেন, অনুষ্ঠানগুলো অনলাইন মাধ্যমে হওয়ায় সহজেই বিশ্বের বিভিন্ন প্রান্তের জ্ঞানী-গুণী ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর সুযোগ হচ্ছে। স্বাভাবিক সময়ে ক্যাম্পাসে এত সহজে ও কম খরচে অনুষ্ঠানগুলো আয়োজন করা সম্ভব হতো না।
নিয়মিত পাঠদান কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীরা যেন যথাযথভাবে দাপ্তরিক ও প্রশাসনিক সুবিধা পান, সে জন্য স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয়টির নির্দিষ্ট কিছু অফিস চালু রাখা হয়েছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদচারণ না থাকলেও প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ে আসছেন বিভাগীয় শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা৷ এ ছাড়া শিক্ষার্থীদের আর্থিক সংকটের কথা মাথায় রেখে টিউশন ফি ২০ শতাংশ মওকুফ করেছে কর্তৃপক্ষ।
থেমে নেই গবেষণা কার্যক্রম। ঘরবন্দী এই সময়ে দুইটি রোবট (অ্যাভওয়ার ও ব্লাইন্ড স্টিক) উদ্ভাবন করেছেন এই বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা। করোনাকালীন সময়ে ড. বিজন কুমার শীল করোনাভাইরাস পরীক্ষার কিট প্রস্তুত করেন অভিন্ন বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিভাগের পরীক্ষাগারে। অনলাইন দুনিয়ায় গবেষণা, শিক্ষা এবং সহশিক্ষা সমানতালে চলছে নব্বই দশকের এই বিদ্যাপীঠে।